সভাপতি সম্পাদক লাঞ্ছিত

গুরুদাসপুরে সাত দিন ধরে দলিল রেজিস্ট্রি বন্ধ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৩
গুরুদাসপুরে দলিল লেখককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে গত ৭ দিন ধরে দলিল সম্পাদনা বন্ধ রয়েছে। এতে দলিল সম্পাদন (রেজিস্ট্রি) করতে এসে দুর্ভোগে পড়েছে জমি ক্রেতা-বিক্রেতারা। এদিকে ওই দলিল লেখককে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শহরে মিছিল করেছে সমিতির সদস্যরা। তারা স্মারকলিপি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। দলিল লেখক সমিতির অভিযোগ, ফিরোজ আহম্মেদ ফারুক নামে একজন আওয়ামী লীগ নেতা সমিতিকে না জানিয়ে দলিল সম্পাদনা করার লাইসেন্স নিয়ে আসেন। কিন্তু তিনি সমিতিকে অবগত না করেই জোরপূর্বক সমিতির ভিতরে চেম্বার বসিয়ে কার্যক্রম শুরু করেন। এ নিয়ে সমিতির পক্ষ থেকে হাবিবুর রহমান হিটু নামে এক সদস্য ফারুককে চেম্বার সরিয়ে কার্যক্রম পরিচালনার অনুরোধ জানান। এ সময় ফারুক হিটুকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। সমিতির সভাপতি মো. জাকির হোসেন ও সম্পাদক মো. আলাউদ্দিন গোলাপ হিটুকে লাঞ্ছিত করার কারণ জানতে চাইলে ফারুক তাদেরও লাঞ্ছিত করেন। ওই ঘটনার পর থেকে দলিল সম্পাদনা বন্ধ রেখেছে সমিতি। এ ব্যাপারে ফারুক দাবি করেন, তিনি কাউকে লাঞ্ছিত করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. মাজেদা ইয়াসমীন স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।