কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর চারিপাড়ায় ক্রেতা সেজে র্যাব সদস্যরা ডলার প্রতারককে হাতেনাতে ধরতে গিয়ে প্রতারকদের হামলায় এক র্যাব সদস্য আহত হন। এ সময় র্যাবের গুলিতে আহত হয়েছে ডলার প্রতারক আ.করিম। তাকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
র্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় র্যাব-৯ এর একটি দল ছদ্মবেশে জাল ডলার প্রতারক আ: করিমের কাছে আসে। ডলার বের করার সাথে সাথে র্যাব পরিচয়ে তাকে গ্রেফতার করতে চাইলে প্রতারক র্যাব সদস্য নফিজ সরকারের উপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। সাথে সাথে র্যাবও প্রতারকদের উপর গুলি চালায়। প্রতারক করিম সহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের আতরতোপা গ্রামের রুসমত আলীর ছেলে।
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ বলেন, করিম একজন কুখ্যাত ডলার প্রতারক। তার বিরুদ্ধে কটিয়াদীসহ বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে।
