গাঙ্গেয় অববাহিকার নিম্নাঞ্চল দেশের বৃহত্তম দ্বীপজেলা ভোলাকে নদী ভাঙ্গন থেকে রক্ষার্থে এক বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এই উপলক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রয়্যাল নেদারল্যান্ডস ও বাংলাদেশ সরকারের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। দুই হাজার কোটি টাকার এই চুক্তির মাধ্যমে জেলার নদী পাড়ের ৩৫ কিলোমিটার এলাকায় তিন স্তরে কাজ চলবে।
চুক্তিতে স্বাক্ষর করেন-রয়্যাল নেদারল্যান্ডস সরকারের পক্ষে রাষ্ট্রদূত খেরবেন সুরভ ডা ইয়াং এবং বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব আবুল কালাম আজাদ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ ীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ইঞ্জিনিয়ার কে এম শহিদুজ্জামান, অতিরিক্ত সচিব মোঃ সাইফুল্যাহ, শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সচিব মাহমুদা খাতুন, নেদারল্যান্ড দূতাবাসের উপদেষ্টা খালেকুজ্জামান, প্রকল্প পরিচালক গোপাল চন্দ সূত্রধর, ভোলা উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক এম জহিরুল আলম প্রমুখ।
