সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৬
সৈয়দপুর উপজেলার ওয়েবসাইট তথ্য শূন্য সৈয়দপুর সংবাদদাতা \ সরকারি ওয়েবসাইটে সৈয়দপুর উপজেলার তথ্য বাতায়নে কোন তথ্য নেই। তথ্য ছাড়াই চলছে ওই ওয়েবসাইট। কোন তথ্য পেতে ওয়েবসাইট ভিজিট করে হতাশ হতে হচ্ছে। সমন্বয়হীনতার কারণে ওই অবস্থার সৃষ্টি হয়েছে। দৌলতদিয়ায় নদীতে পড়ে একজনের মৃত্যু গোয়ালন্দ সংবাদদাতা \ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে শুক্রবার রাতে পা পিছলে নদীতে পড়ে ঢাকা সমরিতা হাসপাতালের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের পর শনিবার নিহত কর্মকর্তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বানারীপাড়া আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান বানারীপাড়া সংবাদদাতা\ বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ইউপি সদস্য খলিলুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম ফারুকের মাধ্যমে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ও ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিলুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের নির্বাচন গোয়ালন্দ সংবাদদাতা \ রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার অনুষ্ঠিত হয়। এতে খেজুর গাছ প্রতীক নিয়ে মো. শহিদ মোল্ল¬া সভাপতি এবং ট্রাক প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক হিসেবে আঃ মালেক মিয়া পুনরায় নির্বাচিত হন। ত্রিশালে জাতীয় পার্টির মত বিনিময় ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা \ আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনে জাতীয় পার্টির প্রার্থী মনোনীত হওয়ায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলা ও পৌর জাতীয় পার্টি ও সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ত্রিশাল আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব এমএ হান্নান। কাউখালীতে গৃহবধূর আত্মহত্যা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে সংসারে অভাবের তাড়না সইতে না পেরে শিল্পী রানী দাস (২২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। শনিবার কাউখালীর গান্ডতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী দাস গান্ডতা গ্রামের দিনমজুর সুশান্ত দাসের স্ত্রী। কসবায় শিক্ষার্থীদের সংবর্ধনা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ গতকাল শনিবার কসবা উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণমূলক সংগঠন সার্চের উদ্যোগে মেধা যাচাই, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা \ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সিনেমা হল রোড মরিচ মহালে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদ সদস্য আব্দুছ ছাত্তার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার। সাতকানিয়ায় ছাত্রলীগ নেতা গ্রেফতার সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা \ দক্ষিণ চট্টগ্রামে সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে কেঁওচিয়া ইউনিয়নের ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমানকে (২৩) গ্রেফতার করেছে। সে কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা মোঃ জাকির হোসেনের পুত্র। মিঠাপুকুরে অগ্নিকাণ্ড, বসতবাড়ি ভস্মিভূত মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার পায়রাবন্দ ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জোতষষ্ঠী গ্রামের দলিল লেখক আজিজার রহমান মহুরীর বাড়িতে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়ির ১০টি কক্ষে ছড়িয়ে পড়ে । জলঢাকায় সড়ক অবরোধ জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর জলঢাকায় মীরগঞ্জ থেকে কলেজ আসার পথে আহেলার বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরের ধাক্কায় এক কলেজ ছাত্রী আহত হয়। আহত ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিত্সক অবস্থা বেগতিক দেখে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন। পরে কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় ট্রাফিক মোড়ে এসে সড়ক অবরোধ করে। মোরেলগঞ্জে জামায়াত শিবির কর্মী সহ আটক ২ মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ শনিবার সন্ধ্যায় জামায়াত কর্মী ব্যবসায়ী ইদ্রিস আলী(৫২) ও মোরেলগঞ্জ পৌর সদরের লতিফিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র রেজাউল কবির(২৩) কে গ্রেফতার করেছে। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় উপজেলা জামায়াত কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল বের করে। মোহনগঞ্জে ছাত্রলীগ সভাপতি ও বিএনপি নেতা গ্রেফতার নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার বারহাট্টা থানা পুলিশ শুক্রবার ১৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান, বিএনপি নেতা নুরুজ্জামানও তাদের সঙ্গী গৌরাঙ্গ দাসকে গ্রেফতার করেছে। সংগঠন বিরোধী ও নীতি বহির্ভূত কার্যকলাপের অভিযোগে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমানকে সভাপতির পদ থেকে অব্যাহতি প্রদান এবং সংগঠন থেকেও বহিষ্কার করা হয়। রায়গঞ্জে অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ জন জেল হাজতে রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা পুলিশ অসামাজিক কার্যকলাপের দায়ে ৫ যুবককে গতকাল রবিবার জেল হাজতে পাঠিয়েছে। শনিবার মধ্যরাতে তাদেরকে উপজেলার সলঙ্গা থানার ঘুরকা ইউনিয়নের ভূঁইয়াগাতী বাজার এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- সিরাজগঞ্জ সদর উপজেলার চরহাসনা গ্রামের শিহাব উদ্দিন (২৮), একই গ্রামের রফিকুল ইসলাম (২৯), ফারুক হোসেন (১৮), একই উপজেলার ডাকাতিয়া গ্রামের আবুল কালামের পুত্র সিএনজি অটোরিক্সা চালক আসলাম (২৩) ও মহর আলীর পুত্র আব্দুল গনি (২২)। সখীপুরে জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ শুরু সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ সখীপুর উপজেলার জাতীয় পার্টির নির্বাচনী গণসংযোগ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার কালিয়া ইউনিয়ন জাপার(এ) উদ্যোগে বড়চওনা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা দানেছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ও দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদের নির্বাচন বিষয়ক উপদেষ্টা চলচ্চিত্রকার মাসুদ পারভেজ সোহেল রানা। নোয়াখালীতে রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ ক্যাম্প নোয়াখালী প্রতিনিধি \ নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে ৪র্থ আঞ্চলিক যুব রেড ক্রিসেন্ট প্রশিক্ষণ ক্যাম্প। শনিবার নোয়াখালী শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী এই ক্যাম্পে নোয়াখালী, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, চাঁদপুর, বগুড়া ও ফেনী জেলার ৪ শত যুব রেড ক্রিসেন্ট সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন নোয়াখালীর ডিসি মোঃ সিরাজুল ইসলাম। এ সময় নোয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান অধ্যক্ষ খায়রুল আনম সেলিম ও সেক্রেটারী এডভোকেট এবিএম জাকারিয়া উপস্থিত ছিলেন। মাগুরা মহম্মদপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু মাগুরা প্রতিনিধি \ মাগুরা মহম্মদপুর উপজেলার নাওভাঙ্গা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে শাহিন শেখ নামে সাড়ে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুটি ঘর মালামালসহ ভস্মীভূত হয়েছে। মৃত শিশুর পিতার নাম সাহদুল শেখ। লোহাগড়া বাজার বণিক সমিতির নির্বাচন লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ নড়াইলের লোহাগড়া বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। সভাপতি পদে এস এম ওহিদুজ্জামান এবং সম্পাদক পদে এস এম আসাদুজ্জামান কদর নির্বাচিত হয়েছেন। কাহালুতে ইসলামী ব্যাংকের বুথ উদ্বোধন কাহালু (বগুড়া) সংবাদদাতা \ গতকাল রবিবার ইসলামী ব্যাংক বগুড়া কাহালু উপজেলা সদরের চারমাথা রেলগেট সংলগ্ন আলহাজ্ব সুপার মার্কেটের উপরতলায় নতুন ভবনে স্থানান্তর এবং নীচতলায় এটিএম বুথের উদ্বোধন করা হয়। বটিয়াঘাটায় লোকমোর্চার পরিচিতি সভা বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা লোকমোর্চা ও বেসরকারি সংস্থা বনফুলের আয়োজনে গতকাল রবিবার বিআরডিবি মিলনায়তনে সবার জন্য খাদ্য প্রচারাভিযান শীর্ষক প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা লোকমোর্চার সভাপতি শেখ আব্দুল হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল আলম। মাদারীপুরে কারুশিল্প প্রশিক্ষণ মাদারীপুর প্রতিনিধি \ দেশবাংলা মহিলা ও শিশু উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে রবিবার ব্লক ডিজাইনের উপর এক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভানেত্রী সানজিদা সীমা। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন চলচ্চিত্র পরিচালক নারগিস আক্তার মিষ্টি। মোরেলগঞ্জে মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ আটক মোরেলগঞ্জ সংবাদদাতা \ বাগেরহাটের মোরেলগঞ্জ থানা পুলিশ গতকাল রবিবার ফেনসিডিলসহ মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ আব্দুর রহিম (৪২) কে আটক করেছে। আব্দুর রহিম স্যান্ডোস কোম্পানির মোরেলগঞ্জ উপজেলা রিপ্রেজেনটেটিভ। সে বারইখালী ইউনিয়নের মৃত. মোশারেফ হোসেন ফকিরের পুত্র। বিশ্বনাথে ওয়াজ মাহফিল বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে ইলামেরগাঁও গ্রামবাসীর উদ্যোগে মরহুম হাজী মহর উল্লাহ’র ইসালে সওয়াব উপলক্ষে ৮ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিল ও হালকায়ে যিকির গ্রামের বড় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। কাঁঠালিয়ায় স্মরণসভা কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ বিশিষ্ট সুফী, দার্শনিক ও কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া হক্কোননুরী দরবার শরীফের অন্যতম প্রধান পীর হযরত বয্লুর রহমান হাক্কোননুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী গত শনিবার দরবার শরীফে অনুষ্ঠিত হয়। গদ্দিনশীন পীর আলহাজ্ব মঞ্জিল মোরশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মেহেদী মোরশেদ। আলোচক ছিলেন জিয়া সরোয়ার মোহন, মোঃ আঃ মজিদ প্রমুখ। সাথীয়ায় পুরস্কার বিতরণ পাবনা প্রতিনিধি\ গতকাল রবিবার পাবনা জেলার সাথীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. নিজামউদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও টিভি ব্যক্তিত্ব ডা. আলমগীর কামাল চঞ্চলসহ প্রমুখ। আমতলীতে ধানবীজ ও সার বিতরণ আমতলী (বরগুনা) সংবাদদাতা\ খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও এলাকায় বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে রবিবার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা ও গুলিশাখালী গ্রামের ১০ জন কৃষককে প্রদর্শনী প্লট করার জন্য এনএসএস অক্সফ্যামের সহযোগিতায় রিকল প্রকল্পের মাধ্যমে ১১শ কেজি সার ও ১শ পঞ্চাশ কেজি বোরো ধান বীজ বিতরণ করেছে। ফুলবাড়িতে হাইস্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা\ সারিয়াকান্দির ফুলবাড়ী গমিরউদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুজন প্রার্থী অংশ নেন। পরে সমঝোতার মাধ্যমে রেজাউল করিম দুলাল সভাপতি নির্বাচিত হন। পীরগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ দীর্ঘ ১৩ বছর পর পীরগঞ্জ সরকারি কলেজে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে অনার্স কোর্স চালু হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত রিলিজ স্লিপ-এর মাধ্যমে অনার্স ভর্তির কার্যক্রম শুরু হবে। কাউখালীতে মতবিনিময় সভা কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শীতবস্ত্র বিতরণ এবং সর্বস্তরের জনসাধারণের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শনিবার সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মনু মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক অনল চন্দ্র দাস । দাগনভূঞায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন দাগনভূঞা (ফেনী) সংবাদদাতা \ উপজেলার হাসানগণিপুরের বাংলাদেশ অরফেন্স সেন্টার স্কুলের শিক্ষক এ.কে.এম. ফারুককে বহিষ্কার করায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা গত শনিবার প্রধান শিক্ষক সিহাব উদ্দিনের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করেছে। কসবায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ শনিবার কসবা উপজেলা অডিটরিয়ামে সমাজকল্যাণমূলক সংগঠন সার্চের উদ্যোগে মেধা যাচাই, জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ২৭০ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সার্চের উপদেষ্টা প্রভাষক মো:আলমগীর উসমান ভুঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এন্ড নার্সিং হোমের চেয়ারম্যান প্রকৌশলী আলহাজ্ব কবির আহাম্মদ ভুঁইয়া।