সাবেক পিডি রফিকুল ও প্রকৌশলী তরুণকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
পদ্মাসেতুর দরপত্র মূল্যায়ন কমিটির আহ্বায়ক ও পদ্মা সেতু প্রকল্পের তত্কালীন প্রকল্প পরিচালক (পিডি) রফিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ (সওজ) -এর সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ানকে সাক্ষ্য আলামত হিসেবে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সিনিয়র উপ-পরিচালক আব্দুল্লাহ আল জাহিদের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত দল তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী সন্দেহভাজন ছাড়াও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের কাজ শুরু করেছে তদন্ত কমিটি। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার সাবেক প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম এবং সওজ-এর সাবেক প্রধান নির্বাহী প্রকৌশলী তরুণ তপন দেওয়ানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখ্য, ইতিমধ্যে সেতু প্রকল্পের দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সাবেক অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ এবং পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মকবুল হোসেনকে দুর্নীতি মামলার সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছে দুদক। যাদের জিজ্ঞাসাবাদ করা হবে : দুদকের একটি সূত্র জানায়, সুষ্ঠু তদন্তের স্বার্থে দুদক তদন্তদল ফেব্রুয়ারি মাসের মধ্যে নিক্সন চৌধুরী, অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক ড. আইনুন নিশাত, অধ্যাপক ড. আ. ন. ম সফিউলাহ, কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশ প্রতিনিধি মো. জিয়াউল হক, তত্বাবধায়ক প্রকৌশলী লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী গোলাম মর্তুজা, আবুল কালাম আজাদ, ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. দলিল উদ্দিন, প্রকল্প প্রাইভেট লিমিটেডের এমডি শহিদুল হাসান খান, বেস্ট কনসালটিং লিমিটেডের মহাব্যবস্থাপক নুরুল ইসলাম, বিসিএল অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ড. আবদুল আজিজ, এসিই অ্যাসোসিয়েটস লিমিটেডের পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ আফসার হোসেন, ইঞ্জিনিয়ার সায়েন্স লিমিটেডের এমডি মো. ফজলুল মজিদ, ডিইভি কনসালটেন্ট লিমিটেডের এমডি আনিসুর রহমান, ব্রিটিশ কোম্পানি হালক্রো গ্রুপের সাব-এজেন্ট ডিজাইন-প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট কনসালটেন্টের এমডি এম. এ. সোবহান এবং ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম. মনোয়ারুল হোসেইনকে জিজ্ঞাসাবাদ করবে।