কর্মচারী কল্যাণ বোর্ডের স্টাফবাস চলাচলে অনিয়ম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৪
ঢাকা সেনানিবাসের ভেতরে অনেক বেসামরিক অফিস রয়েছে। ঢাকা সেনানিবাসে কর্মচারী কল্যাণ রোর্ডের কর্মচারীরা ৪৯ নম্বর স্টাফ বাসে যাতায়াত করে থাকে। স্টাফ বাসটি সকাল ৯টার পর ৩০/৪০ মিনিট দেরিতে আসে। যার ফলে স্টাফবাসে যাতায়াতকারী কর্মচারীদের সকাল ৯টায় হাজিরা খাতায় স্বাক্ষর করা সম্ভব হয় না। সরকারি নিয়মানুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময়সূচি। সুতরাং সকাল ৯টার আগেই ঢাকা সেনানিবাসের ভেতরে স্টাফবাস পৌঁছানোর কথা এবং বিকেল ৫টার পর স্টাফ বাস ছাড়ার কথা। কিন্তু ঐ চালকের ইচ্ছানুযায়ী ২০/৩০ মিনিট আগেই স্টাফ বাসটি স্টেশন ছেড়ে চলে যায়। যার ফলে স্টাফবাসে কর্মচারীরা টিকিট থাকা সত্ত্বেও গাড়িতে যাতায়াত করতে পারেন না। উল্লেখ্য যে, ইতিমধ্যে কয়েকবার কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো সুফল পাওয়া যায়নি। পরিশেষে সরকারি নিয়মানুযায়ী সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে পৌঁছা এবং বিকালে ৫টায় স্টাফবাস অফিসপাড়া ছাড়ার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মো. মজনু মৃধা, নারিশা খালপাড়, দোহার, ঢাকা