এবার দেশে তীব্র শীত পড়েছে। আর তীব্র শীতে পামওয়েল জমে যাওয়ায় কারণে সয়াবিন তেলের ওপর চাপ বেড়ে যায়। ফলে গত মাসে সয়াবিন তেলের দাম বেড়ে যায়। আর এমন তথ্য দিয়েছেন বাণিজ্যমন্ত্রী জিএম কাদের। গতকাল রবিবার বিকালে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হলে মন্ত্রী প্রশ্নোত্তর পর্বে সংসদকে সয়াবিন তেলের দাম বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন। বাণিজ্যমন্ত্রীর অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার সাবেক বাণিজ্যমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে প্রশ্নের জবাব দেয়ার জন্য ফ্লোর দেন। মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে ভোজ্য তেলের ভোক্তাদের ৭০ শতাংশ পামওয়েল ব্যবহার করে। কিন্তু তীব্র শীতের কারণে পামওয়েল জমে যাওয়ায় এই ৭০ শতাংশ ভোক্তারা সয়াবিন তেল ব্যবহার শুরু করে। আর এ জন্যই বাজারে সয়াবিন তেলের দাম বেড়ে যায়। সুবিদ আলী ভুঁইয়ার প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ফরমালিনের আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আইন প্রণয়নের কাজ চলছে।
