আমেরিকা বা পরাক্রমশালী কাউকে খবরদারি করতে দেবেন না শেখ হাসিনা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৬
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র ‘রক্ষায়’ যুক্তরাষ্ট্রের ‘হস্তক্ষেপ’ চেয়ে ওয়াশিংটন টাইমস পত্রিকায় যে নিবন্ধ লিখেছেন তা বাংলাদেশের মানুষের জন্য আত্মহত্যার শামিল। তার এ লেখা এদেশের মানুষ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে। গতকাল রবিবার বিকালে কামরাঙ্গীরচরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, আপনি (খালেদা) কি চান, বাংলাদেশ আমেরিকার কলোনি বা ঔপনিবেশ হোক? ওবামা বা অন্য কেউ ওয়াশিংটন থেকে বাংলাদেশ শাসন করুক? এ প্রসঙ্গে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, বাঙ্গালি গর্বিত জাতি। ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। আমেরিকা বা যত ক্ষমতাশালী দেশ বা পরাক্রমশালী ব্যক্তি হোক না কেন, এই বাংলাদেশের ওপর শেখ হাসিনার সরকার কাউকে খবরদারি করতে দেবে না। সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, খালেদা জিয়ার ওই নিবন্ধের ভাষা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। এজন্য তাকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। সৈয়দ আশরাফ বলেন, আমি আপনার রাজনৈতিক শত্রু নই, রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারি। এদেশের রাজনীতি নিয়ে অতীতেও মতনৈক্য ছিল। তবে রাজনৈতিক সমস্যা এই দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। দেশের রাজনৈতিক সমস্যা বিদেশে না টেনে দেশেই সমাধান করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সৈয়দ আশরাফ বলেন, নারী শ্রমিকদের কাজ বন্ধ করে দেয়ার জন্য আমেরিকার সরকারের প্রতি তিনি (খালেদা জিয়া) আহ্বান জানিয়েছেন। আমেরিকা তৈরি পোশাক আমদানি বন্ধ করে দিলে কার ক্ষতি হবে? বেগম খালেদা জিয়ার ক্ষতি হবে না। ক্ষতি হবে লাখ লাখ শ্রমিকের।