এসিড সন্ত্রাসের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি এরশাদের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
জাতীয় পার্টি (এ) চেয়ারম্যান এইচ এম এরশাদ এসিড সন্ত্রাসের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এসিড সন্ত্রাস ও ধর্ষণসহ সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা হরতাল- অবরোধের কার্যক্রমে বিশ্বাস করি না, আমরা শান্তি চাই। এসিড সন্ত্রাসের বিরুদ্ধে আরো কঠোর আইন করে অপরাধীদের ফাঁসি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের সরকারের সময় আমরা এরকম একটি আইন করেছিলাম। ঐ আইনে অনেকের মৃত্যুদণ্ডও হয়। কিন্তু পরবর্তীতে আইনটি আর কার্যকর করা হয়নি। দেশে ধর্ষণ, খুন, গুম, এসিড নিক্ষেপ ও সামাজিক অবক্ষয়ের প্রতিবাদ জানাতে গতকাল রবিবার রাজধানীতে মানববেষ্টনী কর্মসূচি পালন করেছে জাতীয় পার্টি-জাপা। এই কর্মসূচিতে একাধিক পয়েন্টে রাখা বক্তব্যে জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। কোনো দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে কিংবা কোনো দলকে ক্ষমতায় বসাতে নয়, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। এসিড সন্ত্রাস, গুম ও ধর্ষণসহ সব ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। গতকাল মত্স্য ভবন থেকে শুরু করে হাইকোর্ট, জাতীয় প্রেসক্লাব, পল্টন ও দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত হাতে হাত রেখে এই মানববেষ্টনী গড়ে তোলেন জাপার নেতা-কর্মীরা। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেড় ঘণ্টা এই কর্মসূচি চলে। এরশাদ বলেন, সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে আজকের এই কাফেলায় ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে সবাই এই দুষ্টক্ষত থেকে নিস্তার চায়। কর্মসূচি চলাকালে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি খোলা পিকআপে চড়ে বক্তব্য দেন এইচ এম এরশাদ। এরপর খোলা পিক-আপে চড়েই প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত মানববন্ধনে দাঁড়ানো নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান তিনি। মতিঝিলেও তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এরশাদ বলেন, পুরান ঢাকায় ছাত্রলীগের হামলায় নিহত যুবক বিশ্বজিতের বাবা-মাকে দেখতে গিয়ে সন্তান হারানোর ব্যথা ভোলানোর মত তাদের কোনো সান্ত্বনা দিতে পারিনি। টাঙ্গাইলে গণধর্ষণের শিকার হওয়া মেয়েটিকে দেখতে গেলাম, সে পুরুষ মানুষ দেখলে ভয় পায়। এসিড নিক্ষেপের শিকার ইডেন কলেজের ছাত্রীটি বলল, আমাদের কী বাঁচার অধিকার নাই। জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কাজী ফিরোজ রশীদ, দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান ও ঢাকা মহানগর উত্তর জাপার সভাপতি এসএম ফয়সাল চিশতি প্রমুখ নেতা এরশাদের সঙ্গে উপস্থিত ছিলেন।