চিকিত্সকের মায়ের মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সকদের অবহেলায় রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধা রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ হাসপাতালের ভিতরে বিক্ষোভ করেছে মৃতের স্বজনরা। গত শনিবার গভীর রাতে হাসপাতালের ১৪ তলায় এ ঘটনা ঘটে। চিকিত্সকদের অবহেলায় মৃত্যু হওয়া রওশন আরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চিকিত্সক ডা. মারুফ রহমানের মা। চিকিত্সকদের অবহেলায় মৃত্যুর অভিযোগের ব্যাপারে ডা. মারুফ রহমান জানান, ঐ হাসপাতালের চিকিত্সকদের অবহেলার কারণেই তার মায়ের মৃত্যু হয়েছে। পারিবারিক সূত্র জানায়, গল ব্লাডারে পাথর অপসারণের জন্য গত ২৪ জানুয়ারি পান্থপথের ঐ হাসপাতালে ভর্তি হন রওশন আরা। তাকে আইসিইউতে রেখে চিকিত্সকরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। শনিবার রাতে রোগীর পায়ুপথ দিয়ে রক্ত ক্ষরণ শুরু হয় এবং তার অবস্থার অবনতি হতে থাকে। এসময় ডা. মারুফ রহমান তার মা যে চিকিত্সকের অধীন চিকিত্সাধীন ছিলেন, তাকে পাননি। হাসপাতাল থেকে জানানো হয় যে, চিকিত্সক রাতে হাসপাতালে আসবেন না। রাত ৩টার দিকে রওশন আরা মৃত্যুর কোলে ঢলে পড়েন।