ওয়াশিংটন টাইমস-এ প্রকাশিত বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার লিখিত নিবন্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্য সুবিধা প্রত্যাহার এবং অবরোধ আরোপ করার আহ্বান জানানোয় উদ্বেগ প্রকাশ করেছে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। গতকাল রবিবার এসব সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবাদপত্রে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর (ইউএসটিআর) থেকে বাংলাদেশকে যাতে জিএসপি’র তালিকা থেকে বাদ দেয়া না হয় সেজন্য ব্যবসায়ীসহ সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় বিরোধীদলীয় নেত্রীর এই ‘আত্মঘাতমূলক’ আহ্বান কোনভাবেই কাম্য নয়। এটি দেশের অর্থনীতি ও ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী। ব্যবসায়ী সমাজ এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। জিএসপি সুবিধা বাতিল হলে সুবিধাপ্রাপ্ত খাত ও সম্ভাবনাময় অন্যান্য শিল্পখাত সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। বিরোধীদলকে দেশের রাজনৈতিক মতানৈক্য আলোচনার মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়ে এফবিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, দেশের স্বার্থ বিঘ্নিত হয় রাজনৈতিক দলগুলোর এমন বিবৃতি পরিহার করতে হবে। বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, ডিসিসিআইয়ের সভাপতি মো: সবুর খান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি এ কে আজাদ, এফবিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো: হেলাল উদ্দিন, বাংলাদেশ ফ্রোজেন ফুড্স এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শাহনেওয়াজ, বাংলাদেশ অ্যাসেসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সভাপতি শাহজালাল মজুমদার, বিজিএমইএ পরিচালক আরশাদ জামাল দীপু, এফবিসিসিআই পরিচালক আমিনুল হক শামীম, একেএম শাহেদ রেজা, বিকেএমইএ’ ঊর্ধ্বতন সহ-সভাপতি মোহাম্মদ হাতেম ও বাংলাদেশ টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সহ-সভাপতি আব্দুল মান্নান মিয়া।
