বাংলাদেশের সঙ্গে সীমান্ত সংশ্লিষ্ট সব সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। রবিবার নয়াদিল্লীতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, লোকসভার পরবর্তী অধিবেশনে সীমান্ত প্রটোকলের কার্যকরের লক্ষ্যে সংবিধান সংশোধন বিল পেশ হবে। আমি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছি। যাতে সর্বসম্মতভাবে এটি পাস হয়।
সালমান খুরশিদ আরো বলেন, বাংলাদেশ ও ভারত খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ। দুই দেশের মধ্যে যত সমস্যা আছে সবই সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে। দুই দেশের জনগণের স্বার্থে সমস্যার সমাধান জরুরি। এক্ষেত্রে পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে। সম্প্রতি দু’দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি হয়েছে। এর ফলে দু’দেশের জনগণই উপকৃত হবে।
