খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন

সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের জয়লাভ

আপডেট : ২৬ নভেম্বর ২০১৮, ২২:০০

খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এ নির্বাচনে সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী শেখ নুরুল হাসান রুবা সভাপতি ও মোল্লা মশিয়ুর রহমান নান্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রবিবার রাত দেড়টায় এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।

এবারও আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে দুইটি প্যানেলে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সহ-সভাপতি পদে বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের প্যানেলের সরদার আব্দুল জলিল ও হালিমা আক্তার খানম, যুগ্ম-সম্পাদক পদে শফিকুল ইসলাম লিটন, লাইব্রেরি সম্পাদক পদে হাবিবুর রহমান মালী এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়দেব কুমার সরকার নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য পদে আব্দুস সোবাহান সরদার, ফারজানা এলিজা, এসএম সাইফুর রহমান সুমন ও মোল্লা হাবিবুর রহমান নির্বাচিত হয়েছেন।

অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের সদস্য পদে তিনজন নির্বাচিত হয়েছেন। এরা হলেন, মেহেদী হাসান, বিধানচন্দ্র ঘোষ ও মোসা. শাম্মী আক্তার। আইনজীবী সমিতির ১ হাজার ২৭৮ জন সদস্যের মধ্যে ১ হাজার ১০৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন অ্যাড. আহমেদ উল্লাহ পিলু। এ ছাড়া সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. লিয়াকত আলী মোল্লা ও অ্যাড. আক্তার জাহান রুকু।