বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,পদ্মাসেতু নিয়ে সরকার এতদিন নাটক করে এখন রঙিন সিনেমা শুরু করেছে। ঋণ পাওয়া যাবে না বুঝতে পেরে সরকার মুখ বাঁচাতে বিশ্বব্যাংককে ঋণ চাই না বলে চিঠি দিয়েছে। এদিকে পদ্মাসেতু নির্মাণ শিগগিরই শুরু হবে বলছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ যেন সিনেমার বিজ্ঞাপন, একটুখানি দেখিয়ে বলে বাকিটুকু রূপালী পর্দায় দেখুন। রূপালী পর্দায় দেখার দরকার নেই। জনগণ সব বোঝে।
গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি, কর্মক্ষেত্রে পেশাজীবীদের নিরাপত্তাহীনতা, নারীর প্রতি সহিংসতা, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের প্রতিবাদ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
ড. এম এম করিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির হাবিবুর রহমান হাবিব, শিক্ষক ঐক্যজোটের সভাপতি অধ্যাপক সেলিম ভূঁইয়া ও এমরান সালেহ প্রিন্স।
