ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক যোগদানকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মত গতকাল রবিবার সন্ধ্যায় দুৃ‘দল গ্রামবাসীর সংঘর্ষে মোঃ সাইফুল ইসলাম (২২) নামে এক কলেজ ছাত্র নিহত ও উভয়পক্ষে শতাধিক আহত হয়েছে। আহতদেরকে সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ২০ জনের অবস্থা আশংকাজনক। আড়াইসিধা বাজারের ৪/৫টি দোকান ভাংচুর ও লুটপাট হয়েছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে অর্ধ শতাধিক রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফউদ্দিন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের মধ্যে দীর্ঘ বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেওয়ান ভুঁইয়া ও প্রধান শিক্ষক মোঃ আশরাফ উদ্দিনসহ ১৫/২০ জন বিদ্যালয়ের মাঠে প্রবেশ করার সাথে সাথে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের লোকজন ইট-পাটকেল ছুঁড়তে থাকে। উভয়পক্ষে সংঘর্ষে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ওয়ালেছ ও এসএসসি পরীক্ষার্থী শামীমসহ ১৫ জন আহত হয়। এর জের ধরে রবিবার বিকালে আড়াইসিধা গ্রামের মোল্লাবাড়ী ও মাধুরবাড়ির সহস্রাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষে শতাধিক আহত হয়। সদর হাসপাতালে নেয়ার পর সাইফুল ইসলাম (২২) মারা যায়। সে ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
