গতকাল রবিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে জাসদের মইন উদ্দিন খান বাদল রাজধানীতে জামায়াত-শিবিরের মিছিল সম্পর্কে সরকারের অবস্থান জানতে চান। তিনি প্রশ্ন করেন সংবাদপত্রে পুলিশকে মারধরের ছবি কী কারণে ছাপা হচ্ছে? এর পিছনে কী কোন উদ্দেশ্য আছে?
মাগরিবের নামাজের বিরতির পর অধিবেশন শুরু হলে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী নির্দিষ্ট কার্যসূচি অনুযায়ী মনযোগ আকর্ষণী নোটিস নিয়ে আলোচনার কথা বলেন। এ সময় মইন উদ্দিন খান বাদল দাঁড়িয়ে পয়েন্ট অব অর্ডারে ফ্লোর চান। তিনি বলেন, সংসদ অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী দু’জনের কেউই নেই। আমি তাদের নিকট বিবৃতি দাবি করছি। অতি সমপ্রতি সংবাদপত্র ও টেলিভিশনগুলোতে একটি বিষয় দেখে হতবাক হতে হয়েছে। পত্রপত্রিকায় দেখলাম জামায়াতের কর্মীরা পুলিশকে রাস্তায় ফেলে চেলাকাঠ দিয়ে পেটাচ্ছে। আবার চেলাকাঠ নিয়ে পুলিশকে ধাওয়া দেয়ায় তারা আড়ালে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করছে। জামায়াত-শিবির প্রকাশ্যে পুলিশকে নির্যাতন করছে। এরপরও তাদেরকে মিছিল করার অনুমতি দিয়েছে সরকার। তারা বুক ফুলিয়ে রাজধানীতে মিছিল করেছে।
তিনি বলেন, জামায়াত-শিবির ট্রাইব্যুনালের বিরোধিতা করছে। তারা ট্রাইব্যুনাল মানে না। আমি জানতে চাই সরকারের অবস্থান কী? তারা রাস্তায় আগুন দিচ্ছে, মানুষ হত্যা করছে। গত শনিবার জামায়াত-শিবিরকে রাজধানীতে মিছিল করতে দেয়ার পর স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে সরকার কি তাদেরকে ওয়াকওভার দিয়েছে? আমি এ বিষয়ে সরকারের পলিসি জানতে চাই। কেন পুলিশ মার খাবে? আবার এসব মার খাওয়ার ছবি পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। বিষয়টি নিয়ে সরকারের সতর্ক হওয়া উচিত। এসব ছবি কেন ছাপানো হচ্ছে? এর পেছনে অন্য কোন ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা দরকার।
