সাফাই সাক্ষী শেষে গোলাম আযম পুত্রকে জেরা শুরু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
মানবতাবিরোধী অপরাধের মামলায় গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্ত) আব্দুল্লাহহিল আমান আজমীর জবানবন্দি শেষ হয়েছে। গতকাল রবিবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ৩ সদস্যের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি শেষে তাকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। মানবতাবিরোধী ৫ ধরনের অপরাধের ৬১টি অভিযোগে গত বছরের ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ১ জুলাই থেকে তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তা মতিউর রহমানসহ রাষ্ট্রপক্ষের ১৭জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। এরপরই আসামি পক্ষে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রায় ১০ কার্যদিবসে জবানবন্দি দেন আব্দুল্লাহহিল আমান আজমী। এ সময়ে তিনি ৩২৯টির মতো ডকুমেন্ট প্রদর্শন করেন। গতকাল শেষ দিনে তিনি বলেন, ভাষা আন্দোলনে তার বাবা গোলাম আযমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কিন্তু সে ইতিহাস বিকৃত করা হয়েছে। একইভাবে ১৯৭১ সালে গোলাম আযমের ভূমিকাও ইতিহাসে বিকৃত করা হয়েছে। রাজনৈতিক কারণে গোলাম আযমের বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেন তিনি। নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীকে জেরা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী জহির উদ্দিন জালাল ওরফে বিচ্ছু জালালকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে গতকাল তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী মিজানুর রহমান। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।