বাচ্চার জন্য শপিং

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ১৭:৪৮
বড়দের শপিংয়ের পাশাপাশি বাচ্চাদের শপিংও একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাচ্চার জামাকাপড় থেকে শুরু করে স্কুল ব্যাগ, খেলনা এমনকি বই কেনার ক্ষেত্রেও সেজন্য সচেতন থাকতে হয়। কিছু কিছু ক্ষেত্রে আবার বাচ্চার মতামতকেও প্রাধান্য দিতে হয়। আবার অনেক কিছুই আছে যা বাচ্চার জন্য ক্ষতিকর কিন্তু বাচ্চারা তা বুঝে না, তখন সেটা বাচ্চাকে বুঝাতে পারাটাই হলো বুদ্ধিমানের কাজ। বাচ্চার জন্য শপিং নিয়ে এবারের আয়োজনটি লিখেছেন প্রাঞ্জল সেলিম পোশাক-আশাক ++ বাচ্চাদের জামাকাপড় কেনার ব্যাপারে একটু সচেতন হতে হবে, কারণ সেখানে প্রয়োজনের সাথে বাচ্চাদের ভালোলাগা জড়িত থাকে। ++ খুব ছোট বাচ্চাদের জন্য সামনে বোতাম লাগানো জামা কিনুন। তাতে বাচ্চা নিজে জামা পরা বা খোলা শিখতে পারবে। ++ শীতের সময় মেশিনে বোনা টাইট জামার থেকে হাতে বোনা সোয়েটারই ভালো। ++ ওয়েস্টার্ন ড্রেসও নির্বাচন করতে পারেন, বিয়েবাড়ি বা উত্সবে সাজবদল ঘটলে বাচ্চারা মজা পায়। স্কুল ব্যাগ ++ স্কুল ব্যাগ কেনার ব্যাপারে মাথায় রাখতে হবে ব্যাগটি বহন করতে যেন বাচ্চার খুব বেশি পরিশ্রম করতে না হয়। ++ প্রথমেই লক্ষ রাখুন স্কুল ব্যাগের স্ট্র্যাপ যেন যথেষ্ট চওড়া হয়। তাতে ব্যাগ কাঁধে নিলে বাচ্চারা আরাম পাবে। ++ ব্যাগের পেছনের অংশ প্যাডেড থাকলে তবেই কিনুন। ++ একাধিক চেম্বার এবং পকেট দেওয়া ব্যাগ কিনতে চেষ্টা করুন; যাতে বইখাতা, পেন্সিল বক্স, টিফিন বক্স একসাথে মিশে না যায়। খেলনা ++ খেলনা কেনার সময় শিশুদের বয়সের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ++ কেনার আগে কত বছর বয়সীদের জন্য কিনছেন সেটা দেখে তারপর কিনুন। ++ যেসব খেলনা ছোট ছোট টুকরায় ভাগ করা যায় বা যাতে কেমিক্যাল রং আছে, সেইগুলো খুব ছোট বাচ্চাদের জন্য কখনই কিনবেন না। ++ বেশিদিন টিকবে এমন খেলনা কিনে দিন। অনেক দিন ধরে খেলতে পারবে। ++ ক্রেয়ন, পেইন্ট, আঠা বা প্লাস্টিসিন কেনার সময় জেনে নিন এর মধ্যে কোনো বিষাক্ত জিনিস আছে কি না। গল্পের বই ++ বাচ্চাদের গল্পের বই পড়ার অভ্যাস গড়তে পারলে খুব ভালো। পরবর্তীতে সেটা তাদের কাজে লাগে। ++ খুব ছোট বাচ্চাদের বই কেনার সময় খেয়াল রাখুন যাতে বইগুলোতে লেখার চেয়ে ছবির পরিমাণ বেশি থাকে। তাতে তারা বেশ মজা পাবে। ++ বাচ্চাদের বই কেনার সময় নিজেদের থেকে তাদের পছন্দকে গুরুত্ব দিন। ফার্নিচার ++ বাচ্চাদের ঘরের সাজটা হতে হয় তাদের পছন্দ অনুযায়ী। তেমনি ফার্নিচারগুলোও হতে হবে মজার। ++ কাপড় রাখার আলমারির রঙটা একটু উজ্জ্বল হতে পারে। ++ পড়ার টেবিলটা যেন খুব বেশি উঁচু না হয়। সেই সাথে বসার আসনটা হতে হবে একটু আরামদায়ক। ++ বাচ্চাদের কম্পিউটার টেবিল কেনার সময় খেয়াল রাখতে হবে টেবিলের উপর মনিটর বসাবার পর তার উচ্চতা কোনোভাবেই যেন আইলেভেল ছাড়িয়ে না যায়। ++ খেয়াল রাখুন কম্পিউটারে কাজ করার সময় বাচ্চাদের পা যেন ঝুলে না থাকে, টেবিলে লেগ রেস্টের ব্যবস্থা রাখুন। মডেল মোহসেনা শাওন ও তার ছেলে ফিদা ছবি দীপঙ্কর দীপু