সময়ের যথাযথ মূল্যায়নের মাধ্যমে আমি নিয়মিত অধ্যবসায়ে বিশ্বাসী। আমি মনে করি, অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। আমি প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং প্রাথমিক সম্পানী পরীক্ষায় টেলেন্টপুলে বৃত্তি ও A+ সহ উপজেলায় প্রথম হই। জুনিয়র বৃত্তি পরীক্ষায়ও টেলেন্টপুলে বৃত্তি লাভ করি। ২০১২ সালের এসএসসি পরীক্ষায় আমি বিজ্ঞান বিভাগ থেকে A+ পাই। ছোটবেলা থেকে সকল পরীক্ষায় ক্লাসে প্রথম হয়ে আসছি। ভোরবেলা সূর্যোদয়ের আগেই আমি ঘুম থেকে উঠি। নামাজ শেষে পড়তে বসি। সকালে আমি গণিত বিষয়ক সমস্যার সমাধান করি। দিনের অন্যান্য সময় ও রাতে বাকি বিষয়গুলো অধ্যয়ন করি। বর্তমান শিক্ষা পদ্ধতি সৃজনশীল। তাই পাঠ্যপুস্তকের প্রতিটি পৃষ্ঠার প্রতিটি লাইন পড়ে অনুধাবন করার চেষ্টা করি। আমার মতে, সৃজনশীল পদ্ধতিতে মুখস্থ করে কোনো লাভ নেই। এ পদ্ধতিতে পুরো বই-এর সবকিছু সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে। ক্লাসে আমি স্যারদের লেকচার মনোযোগসহকারে অনুধাবন করার চেষ্টা করি। কোনো কিছু না বুঝলে স্যারদের পুনর্বার প্রশ্ন করি। লেখাপড়ার পাশাপাশি আমি ছোটবেলা থেকেই সংগীত চর্চা ও কবিতা আবৃত্তি করে আসছি। নজরুল, লোকসংগীত ও উচ্চাংগ সংগীতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিযোগিতায় জেলার মধ্যে প্রথম ও দ্বিতীয় হয়ে আসছি। আমি বিশ্বাস করি, লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি সাধনা আমাকে সফলতা এনে দেবে। আমার বাবা-মা দু’জনই কলেজ শিক্ষক। তাদের অনুপ্রেরণা এবং আমার শ্রদ্ধেয় স্যারদের যথাযথ নির্দেশনায় আমি একাগ্রচিত্তে লেখাপড়া করছি।
