কালীগঞ্জে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন

আপডেট : ০৩ মে ২০১৯, ০০:২৯

গাজীপুরের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাসুদ রানা কুডু (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার ৩নং ওয়ার্ড ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামে এ ঘটে। হত্যাকাণ্ডে জড়িত মো. ইউনুস মিয়াকে (১৯) এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত মাসুদ রানা ভাদার্ত্তী (দক্ষিণ পাড়া) গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তিনি ইজিবাইক চালক ছিলেন। আটক ইউনুস মিয়া কালীগঞ্জ পৌর এলাকার ৪নং ওয়ার্ড দড়িসোম গ্রামের আওয়াল হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই সাইফুর রহমান মাসুম বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।