চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী এবং ভারতীয় জি বাংলা চ্যানেলের কমেডি শো মিরাক্কেল প্রতিযোগী কায়কোবাদকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দীন জাহাঙ্গীর।
জানা যায়, গত মঙ্গলবার একই বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্রী ও কায়কোবাদের বান্ধবী তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা করেন হাটহাজারী থানায়। পরবর্তীতে এ মামলায় মঙ্গলবার মধ্যরাতে কায়কোবাদকে আটক করা হয়।
ঘটনার শিকার বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রী জানান, কায়কোবাদ গত বছর থেকে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। এরপর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি মেয়েটিকে সে এড়িয়ে চলা শুরু করে। মঙ্গলবার এ বিষয়ে মেয়েটি কায়কোবাদের সঙ্গে কথা বলতে গেলে শাহ আমানত হলের সামনে তাকে মারধর করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ইন্সপেক্টর (গোয়েন্দা) রজিব শর্মা জানান, বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী ছাত্রীর অভিযোগে কায়কোবাদকে গ্রেফতার করা হয়েছে। এবং তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না-মঞ্জুর করে জেলে প্রেরণ করে।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে। তার ভিত্তিতে তাকে আটক করে আদালতে চালান করে দিয়েছি।
