ফণীর প্রভাবে কলকাতায় বিমান চলাচল বন্ধ

আপডেট : ০৩ মে ২০১৯, ০০:৩৬

সাইক্লোন ‘ফণী’ আজ শুক্রবার দুপুরে ওড়িশার পুরীর কাছে ১৭০ থেকে ১৮০ কিলোমিটার বেগে আঘাত হানার আশঙ্কা করা হচ্ছে। এরপর এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে। এ কারণে শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব রকম বিমান চলাচল বন্ধ করা হয়েছে। ওড়িশার ভূবনেশ্বর বিমানবন্দরে বৃহস্পতিবার রাত থেকে শনিবার সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে ১০৩টি ট্রেন।

ইন্ডিয়ান আবহাওয়া বিভাগ জানিয়েছে, শুক্রবার দুপুরে ‘ফণী’ ওড়িশার পুরীর কাছে গোপালপুর ও চাঁদবলীর কাছে ‘এক্সেসিভ সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম’ ১৭০ থেকে ১৮০ কিলেমিটার বেগে আঘাত হানতে চলেছে। গতি বেড়ে ২০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এরপর সেটি ‘সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম’ আকারে পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে। শুক্রবার গভীর রাত থেকে শনিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গে প্রবল ঝড়বৃষ্টি হবে। ভারি বৃষ্টিতে বহু এলাকা প্লাবিত হতে পারে। ঝড়ের গতি থাকবে ১০০ থেকে ১১৫ কিলোমিটার। শনিবার রাতে সাইক্লোনিক স্ট্রম আকারে ‘ফণী’ বাংলাদেশে ঢুকবে। বিপর্যয়ের আশঙ্কায় ইতোমধ্যে ওড়িশার এবং পশ্চিমবঙ্গের উপকূল এলাকা থেকে লোকজনকে সরানো শুরু হয়ে গেছে।