বৈঠকের গোপন তথ্য ফাঁস করার অভিযোগে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। সরকারের পক্ষ থেকে বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র বলেন, গেভিন উইলিয়ামসনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে অবিশ্বস্ততার কারণে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। গত সপ্তাহে ব্রিটিশ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বৈঠকের গোপন তথ্য ফাঁস করেছেন বলে উইলিয়ামসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন উইলিয়ামসন। ঐ বৈঠকে চীনা প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে’কে ফাইভ জি নেটওইয়ার্কের কাজ দেওয়ার ব্যাপারে আলোচনা হয়েছিল। এই বৈঠকের তথ্য নিয়ে ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা খবর প্রকাশ করলে অস্বস্তিতে পড়ে থেরেসা সরকার।
পরে মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে অনুসন্ধানের ভিত্তিতে প্রতিরক্ষামন্ত্রী উইলিয়ামসনকে পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেন থেরেসা মে। মাইকেল ফ্যালনের পদত্যাগের পর ২০১৭ সাল থেকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন গেবিন উইলিয়ামসন। তাকে বরখাস্ত করার পর দেশটির ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছে পেনি মরডন্ট।
