পীরগাছায় ছাত্র সমাজের সমাবেশ
পীরগাছা (রংপুর) সংবাদদাতা \ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির জেলা ও মহানগর সভাপতি আলহাজ্ব মসিউর রহমান রাঙ্গার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার পীরগাছা উপজেলা জাতীয় ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিশ্বনাথে চার প্রবাসী সংবর্ধিত
বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের বিশ্বনাথে চার যুক্তরাজ্য প্রবাসীকে বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার পক্ষে থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক বিশ্বনাথ সংবাদদাতা ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু।
সরিষাবাড়ী প্রেসক্লাবে আলোচনা সভা
সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা \ যক্ষ্মা নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা নাটাবের আয়োজনে রবিবার বিকেলে সরিষাবাড়ী প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি সোলাইমান বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী প্রগ্রেসিভ ডেন্টাল কেয়ার সেন্টারের স্বত্বাধিকারী ডাঃ আবুল মুনসুর।
নন্দীগ্রামে জাসাসের প্রতিবাদ সভা
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ কোকোমুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনসহ ৮ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বগুড়া নন্দীগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জাসাস ও উপজেলা ওলামাদলের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ সভা রবিবার হয়।
পাঁচবিবিতে আশার স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদাদতা \ আজ রবিবার আশার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জয়পুরহাট জেলার পাঁচবিবি সদর-২ এলাকার দরিদ্র জনগোষ্ঠিকে নিয়ে নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং দূষণ মুক্ত বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পালন করে।
মানিকগঞ্জে নাগরিক কল্যাণ পরিষদের মানববন্ধন
মানিকগঞ্জ প্রতিনিধি \ রবিবার মানিকগঞ্জে চলন্ত বাসে গার্মেন্ট শ্রমিক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন করেছে নাগরিক কল্যাণ পরিষদ। মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে পৌর মেয়র মোঃ রমজান আলী, সংগঠনের সভাপতি অধ্যক্ষ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক হযরত আলী, মহিলা সম্পাদিকা সাবিহা হাবিব বক্তব্য রাখেন।
মির্জাপুরে চোরাই মোটর সাইকেল উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি \ টাঙ্গাইলের মির্জাপুর থেকে ১০টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে এ ১০টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ডোমারে প্রতিবন্ধী স্কুল উদ্বোধন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডোমার উপজেলায় প্রতিবন্ধীদের স্কুল উদ্বোধন করা হয়েছে রবিবার ডোমার চিকনমাটিস্থ আশার প্রদীপ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র কতৃক পরিচালিত উক্ত স্কুুল উদ্বোধন করেন সংগঠনের সভাপতি রামনিওয়াস আগরওয়ালা।
ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজে ঈদে মিলাদুন্নবী
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাসিনা বেগম, আঃ হালিম হাওলাদার, বিশ্বাস সাইদুর রহমান, মোঃ আবুল বাসার।
বামনা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
বামনা (বরগুনা) সংবাদদাতা \ বরগুনার বামনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শনিবার উপজেলার ইউটিডিসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বামনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের উদ্বোধন করবেন বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. মনির হোসেন কামাল। মো. ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
সখীপুরে বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ
সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ মাত্রাতিরিক্ত লোডশেডিং, বিদ্যুত্ বিল বেশিসহ বিদ্যুত্ বিভাগের কর্মকর্তাদের অনিয়মের প্রতিবাদে উপজেলার দশ গ্রামবাসী গতকাল সোমবার ভোর থেকে সকাল সাড়ে নয়টা পর্যন্ত সখীপুর-সাগরদিঘী-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লায় ক্যান্সার দিবস পালন
কুমিল্লা প্রতিনিধি \ ‘ক্যান্সারের ভ্রান্ত ধারণা ও কুসংস্কার থেকে দূরে থাকুন এবং ক্যান্সার সম্পর্কে জানুন’— এ স্লোগানে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি কুমিল্লা শাখা গতকাল সোমবার বিশ্ব ক্যান্সার দিবস পালন করে। এ উপলক্ষে টাউন হল থেকে এক বর্ণাঢ্য র্যালী নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উখিয়া থানা ভবনের নির্মাণ কাজ শেষ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা\ কক্সবাজারের উখিয়ার থানা ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে উক্ত ৩ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয় বিগত অর্থবছরের জানুয়ারি মাসে। এ মাসে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর নতুন থানা ভবনের উদ্বোধন করবেন বলে থানা সূত্রে জানা গেছে।
জগন্নাথপুরে বৃত্তি বিতরণ
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা \ উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী যুবসংঘের উদ্যোগে সপ্তম মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। রবিবার পাটলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃত্তি বিতরণী অনুষ্ঠানে যুবসংঘের সভাপতি শিফুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, পাটলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজিরউদ্দিন।
হোমনার চার বিএনপি নেতা হাজতে
হোমনা সংবাদদাতা \ পুলিশের দায়ের করা দ্রুত বিচার আইনের মামলায় হোমনার ৪ বিএনপি নেতাকে জেল-হাজতে পাঠিয়েছে আদালত। রবিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিন মঞ্জুরের আবেদন করলে আদালতের ম্যাজিস্ট্রেট সাবরিনা নারগিস মামলার ২২ আসামির মধ্যে ১৮ জনের জামিন মঞ্জুর করে এবং একই সাথে চার বিএনপি নেতা নূরুজ্জামান মিন্টু, মতিন মেম্বার, আলাউদ্দিন ও শাহআলমকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মতলব দক্ষিণে পল্লী বিদ্যুতায়নের সাব-স্টেশন
মতলব দক্ষিণ (চাঁদপুর)সংবাদদাতা \ মতলব দক্ষিণ উপজেলায় পল্লী বিদ্যুতায়নের সাব-স্টেশনের জায়গা নির্ধারণের ফলে দীর্ঘ ১৪ বছর পর তা আলোর মুখ দেখছে। ২ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখার সার্ভেয়ারের মাধ্যমে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা মৌজার ৩৩ শতাংশ জমি ক্রয় করে স্থান নির্ধারণ করা হয়েছে।
সৈয়দপুরে ট্রাক চাপায় এক পথচারী নিহত
সৈয়দপুর সংবাদদাতা \ নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর এলাকায় খালেক পাম্পের সামনে ট্রাক চাপায় তাজুল ইসলাম (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত তাজুল নিয়ামতপুর ভজেপাড়ার বাসিন্দা। রবিবার সন্ধ্যায় সৈয়দপুর-নীলফামারী সড়কে রংপুরগামী একটি ভুট্টা বোঝাই ট্রাক তাজুলকে চাপা দেয়।
কর্ণফুলি পেপার মিলে সিলিন্ডার বিস্ফোরণে দুইজনের মৃত্যু
রাঙ্গুনিয়া সংবাদদাতা \ কাপ্তাইয়ের চন্দ্রঘোনাস্থ কর্ণফুলি পেপার মিলে (কেপিএম লিঃ) গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শ্রমিকের মৃত্যু এবং অপর একজন আহত হয়েছে। গতকাল সোমবার মিলে কেমিক্যাল প্ল্যান্টে কাজ করার সময় সংঘটিত সিলিন্ডারের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। মোহাম্মদ ওবাইদুল্লাহ (৪৭) এবং মোহাম্মদ রবিউল আলম (৩০) ঘটনাস্থলে নিহত হয় এবং মহির উদ্দিন (২৭) নামক অপর একজন শ্রমিক গুরুতর আহত হয়েছে। তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরণখোলায় কারেন্ট জাল ও ট্রলারসহ আটক ছয়
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের শরণখোলার কোস্টগার্ড এবং মত্স্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল, জাটকা জাল ও এফবি শারমিন নামের একটি ফিশিং ট্রলারসহ ছয় জেলেকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন—ট্রলার মালিক বাচ্চু মিয়া (৩৮), জেলে জামাল সরদার (৩৫), ফরিদ হোসেন (২৮), মহিউদ্দিন (২০), সাইফুল (২৫) ও ফোরকান (২২)। এদের সকলের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায়।
মাদারীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা গতকাল সোমবার রাজৈর উপজেলার সাধুরব্রিজ এলাকা থেকে ১৫ কেজি গাঁজা ও মোটর সাইকেলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করে রাজৈর থানায় সোপর্দ করেছে ।
গাজীপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে উপকরণ বিতরণ
গাজীপুর প্রতিনিধি \ গাজীপুরে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোমোটিং অলটারনেটিভ রিসোর্স ফর এ্যাকটিভ সোসাইটির (পরশ) উদ্যোগে এ উপকরণ বিতরণ করা হয়। গতকাল সোমবার গাজীপুর পৌর এলাকার ভুরুলিয়ায় সংস্থার কার্যালয়ে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহ নওয়াজ দিলরুবা।
রায়পুরে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রবিবার রাতে ১৫-২০ জন ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী রায়পুর পৌর শহরের দেনায়েতপুর এলাকার আবদুল করিম বেপারীর ছেলে জহিরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ৩ লাখ ৭৭ হাজার টাকা লুটে নিয়ে যায়। স্থানীয় লোকজন আহতাবস্থায় তাকে উদ্ধার করে রায়পুর হাসপাতালে ভর্তি করে।
টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
টাঙ্গাইল প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। শহরের সাবালিয়ায় দলীয় কার্যালয়ের সামনে টাঙ্গাইল সদর ও পৌর জামায়াত এই কর্মসূচি পালন করে। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আমীর আহসান হাবীব মাসুদ। বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ।
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালক-হেলপার নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি \ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় কড্ডার মোড়ে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যান চালক ও ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক-কাভার্ড ভ্যান হেলপারসহ আরও ৪ জন। নিহত কাভার্ড ভ্যানচালক বাদল (৩৫) যশোর জেলার বেনাপোলের বাসিন্দা। অপর নিহতের পরিচয় জানা যায়নি।
চাটমোহর আওয়ামী লীগে যোগদান অনুষ্ঠান
চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ঝবঝবিয়া গ্রামের ২ শতাধিক বিএনপি নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় যোগদানকারীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ফৈলজানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান আজাদ হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ছাত্রনেতা কুতুবউদ্দিন প্রমুখ।
কাউনিয়ায় র্যাবের অভিযানে ফেন্সিডিল উদ্ধার
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ গতকাল সোমবার রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব-৫। রবিবার রাতে র্যাব-৫ এর এএসপি হুমায়ুন কবিরের নেতৃত্বে র্যাব এর একটি দল উপজেলার হারাগাছ পাইকার টারী গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে তাজুল ইসলাম ওরফে মাগুড় তাজুলের বাড়িতে অভিযানে গেলে মাদক ব্যবসায়ী তাজুল ফেন্সিডিল ভর্তি একটি বস্তা তার বাড়ির গেটে ফেলে পালিয়ে যায়।
জালালাবাদ থানার ওসি প্রত্যাহারে আল্টিমেটাম
সিলেট অফিস \ সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার ওসি গৌছুল আলমকে প্রত্যাহারের দাবিতে ২০ দিনের আল্টিমেটাম দিয়েছেন এলাকাবাসী। ২১ ফেব্রুয়ারির মধ্যে তাকে প্রত্যাহার করা না হলে তারা কঠোর কর্মসূচি দেবেন। শনিবার রাতে সোনাতলা বাজারে এলাকাবাসী এক সভা্য় এ আল্টিমেটাম দেয়।
অপহূত এসএসসি পরীক্ষার্থী উদ্ধার
বরগুনা (উত্তর) প্রতিনিধি \ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার তিনদিন পর গতকাল সোমবার বরগুনা জিলা স্কুলের এসএসসি পরীক্ষার্থী আবদুল্লাহ আল ইমরান সাব্বির অপহরণকারীদের হাত থেকে কৌশলে মুক্তি পেয়েছে। সাব্বিরের মামা তাকে নিয়ে আসতে কুমিল্লার লাকসামে গেছেন। সাব্বিরের বাবা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহফুজুর রহমান চুন্নু মল্লিক জানান, গত শুক্রবার সকালে তার ছেলে বাড়ি থেকে প্রাইভেটের টাকা নিয়ে স্কুলে গিয়ে আর ফিরে আসেনি। রবিবার ছিল তার প্রথম পরীক্ষা। এ ব্যাপারে শুক্রবারই থানায় ডায়রি করা হয়।
গলাচিপায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মঘট
গলাচিপা সংবাদদাতা \ গলাচিপা উপজেলার বাদুরা বাজারে সোমবার সকালে সন্ত্রাসী হামলার ঘটনায় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখে। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধার ক্যাডার নাসির মোল্লা ২০ থেকে ২৫ জন ক্যাডার নিয়ে বাদুরা বাজারে হামলা চালায় । বাজারের বশির হাওলাদারের মুদি মনোহরী দেকানে এ ক্যাডার বাহিনী হামলা চালিয়ে মালামালসহ নগদ লক্ষাধিক টাকা লুট করে।
আলফাডাঙ্গায় কলেজ জাতীয়করণের দাবিতে সমাবেশ
আলফাডাঙ্গা সংবাদদাতা\ আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গত রবিবার এ জেড পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার শত শত মানুষ উপস্থিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি মো. মকিবুল হাসান পুটু মিয়া, সাধারণ সম্পাদক মিয়া মো. আকরামুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল বাশার মিয়া প্রমুখ।
