বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত উইলিয়াম হান্না বলেছেন, শিপ বিল্ডিং-এর ক্ষেত্রে বাংলাদেশ প্রচণ্ড সম্ভাবনার দেশ। গত কয়েক বছরে এ শিল্প নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। এটি কর্মসংস্থানের ক্ষেত্রে এবং বৈদেশিক অর্থ আয়ের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখবে। ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে বেশ কিছু শিপ (জাহাজ) আমদানি করেছে। তিনি বলেন, ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ উন্নতমানের জাহাজ আমদানি করে থাকে। গত রবিবার অপরাহ্নে কর্ণফুলী নদী সংলগ্ন বোয়ালখালী এলাকায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান এফএমসি ডক ইয়ার্ড পরিদর্শনকালে উইলিয়াম হান্না উক্ত কথা বলেন। উইলিয়াম হান্না উইরোপীয় ইউনিয়নের অর্থায়নে উক্ত ডক ইয়ার্ডে নির্মাণাধীন ২৫টি পন্টুনের কাজের অগ্রগতি দেখে সাংবাদিকদের নিকট সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, সুন্দরবনের জীববৈচিত্র্য, বন রক্ষায় এবং স্থানীয়দের জন্য একটি প্রকল্পের আওতায় পন্টুনগুলো তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, তারা পরিবেশ রক্ষার ব্যাপারে সর্তক দৃষ্টি রাখছেন। ইইউ লেদার কারখানায় পরিবেশ রক্ষাও কাজ করে যাচ্ছে। তিনি সকলকে পরিবেশের ব্যাপারে সচেতন হওয়ার আহবান জানান।
ইইউ রাষ্ট্রদূত বলেন, তিনি বিশ্বের সর্ববৃহত্ শিপ বিল্ডিং দেশ আয়ারল্যান্ডের বেলফাস্টের নাগরিক। তাই শিপ বিল্ডিং-এর ক্ষেত্রে তার সহযোগিতা সবসময় থাকবে। তিনি বলেন, শিপ বিল্ডিং-এর মাধ্যমে অনেক পশ্চাত্পদ শিল্প কারখানা প্রতিষ্ঠা হবে। তাছাড়া দক্ষ জনশক্তিও গড়ে উঠবে। ইইউ প্রতিনিধি দলকে এফএমসি ডক ইয়ার্ডের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইইউ’র ট্রেড উপদেষ্টা জিল্লুল হাই রাজি, এফএমসি’র চেয়ারম্যান মীর্জা আইয়ুব বেগ, ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন চৌধুরী প্রমুখ।
