নাটকীয় জয় পেল সিটি করপোরেশন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৫
তিন দলের পয়েন্ট সমান হয়ে যাওয়ায় শিরোপার মীমাংসা করতে প্লে অফ টুর্নামেন্ট হচ্ছে প্রিমিয়ার লিগে। তিন দলের শক্তি যে কতোটা কাছাকাছি; তা বোঝা গেল কাল প্রথম প্লে অফ ম্যাচে। ৯০ মিনিটের খেলা, এরপর ৩০ মিনিটের অতিরিক্ত সময়, তারপর ৫ ও ৫ দশ গোলের টাইব্রেকার; এতেও দু’ দল ছিল সমানে সমানে। শেষ পর্যন্ত গোলরক্ষকরা একটি করে শট নেওয়ায় মীমাংসা হল ম্যাচের। আর এই দীর্ঘমেয়াদী ম্যাচে জয় নিয়ে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল শিরোপা অক্ষুণ্ন রাখার পথে রইল সিটি কর্পোরেশন একাদশ। গতকাল লিগের প্লে অফ ম্যাচে সিটি কর্পোরেশন টাইব্রেকারে ৯-৮ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রকে পরাজিত করে তারা। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ে কেউ কারো জালে বলে পাঠাতে পারেনি। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। প্রথম দফায় ৫টি করে গোলের মধ্যে উভয় দলে ৪টি করে গোল করে। ১টি করে শট মিস হয়। দ্বিতীয় দফায় ৫টি করে গোলের মধ্যেও ম্যাচ ড্র হয়। পরবর্তীতে দুই গোল রক্ষককে দিয়ে শট নেওয়ানো হয়। এতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন দলের গোলরক্ষক সলিম উল্লাহ শট জালে প্রবেশ করলেও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের গোলরক্ষক নাহিদের শট মিস হওয়ায় জয় পায় সিটি করপোরেশন।