আজ রংপুর সিটি করপোরেশনের মেয়রের শপথ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:০৫
রংপুর সিটি করপোরেশনের (আরসিসি) প্রথম মেয়র হিসাবে শরফুদ্দিন আহমেদ ঝন্টু আজ মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। মেয়রের শপথ শেষে সিটি করপোরেশনের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলররা শপথ নিবেন। আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় অতিথি ভবন শাপলায় মেয়রকে শপথ পাঠ করাবেন। এর পরপরই একই স্থানে কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত বছরের ২০ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে মেয়র ঝন্টু রংপুর-১ (গঙ্গাচড়া) আসন থেকে এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি রংপুর সদর উপজেলার নির্বাচিত চেয়ারম্যান এবং রংপুর পৌরসভার চেয়ারম্যান ছিলেন। রংপুর সিটি করপোরেশনের নির্বাচিত ৪৪ জন কাউন্সিলরের মধ্যে ৩৩ জন সাধারণ এবং ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর রয়েছে। নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশ করা হয় ১০ জানুয়ারি। গত ২৮ জুন রংপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়।