বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী এমপি’র বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী দেবব্রত সরকার জবানবন্দি দিয়েছেন। গতকাল সোমবার বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি শেষে সালাহউদ্দিন কাদের চৌধুরী নিজেই তাকে জেরা শুরু করেন। এছাড়া তার পক্ষে সরকারি খরচে ট্রাইব্যুনালের নিযুক্ত আইনজীবী সালমা হাই টুনি তাকে সহযোগিতা করেন। জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
সংসদ অধিবেশনে যোগদানের সুযোগ না দেয়ায় ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় তার আইনজীবীদের প্রত্যাহার করে নেন সালাহউদ্দিন কাদের চৌধুরী। এরপর ট্রাইব্যুনালের অনুমতিতে নিজেই ১৭তম সাক্ষীকে জেরা করেন তিনি।
সালাহউদ্দিন কাদের চৌধুরীকে তার ছোট চাচা ফজলুল সোবহান চৌধুরীর নামাজে জানাজায় অংশগ্রহণের জন্য প্যারোলে মুক্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছেন স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। গতকাল ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আজ বাদ জোহর চট্টগ্রাম জামাইতুল ফালাহ মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় অধ্যাপক গোলাম আযমের পক্ষে প্রথম সাফাই সাক্ষী হিসাবে ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আব্দুল্লাহহিল আমান আজমীকে জেরা করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
