খালেদা জিয়া জনবিচ্ছিন্ন হয়ে বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন :নাসিম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:২৯
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ ও জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতার লোভে এখন বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। আগামী নির্বাচনে পরাজয় বুঝতে পেরে তিনি দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছেন। পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, একাত্তরের চিহ্নিত ঘাতকদের বাঁচাতে দেশে জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে আইন অনুযায়ী তা কঠোরভাবে প্রতিহত করতে হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে জনতার প্রত্যাশা আয়োজিত ‘চলমান রাজনীতি, বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র, দেশবাসীর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। কোন হুমকি-ধামকি দিয়ে এ বিচার বন্ধ করা যাবে না। মন্ত্রীদের উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, আপনারা কম কথা বলবেন। নির্বাচনের আগে সমন্বয়কের মাধ্যমে যতটুকু বলা প্রয়োজন শুধু ততোটুকুই বলবেন। জনগণকে বিভ্রান্ত করবেন না। খালেদা জিয়ার উদ্দেশে মোহাম্মদ নাসিম বলেন, দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে অন্তবর্তী সরকারের অধীনেই নির্বাচন হবে, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করার সুযোগ নেই। আমরা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছি, আপনিও শুরু করেন। আব্দুল করিমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাবেক নেতা অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু, ছাত্রলীগের সাবেক নেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা প্রমুখ।