কেন্দ্রীয় নেতাদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে গতকাল সোমবার বিক্ষোভ সমাবেশে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে বরিশালে শো-ডাউন করেছে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মিছিল পূর্বক বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
সভায় বক্তব্য রাখেন পশ্চিম জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমির বজলুর রহমান বাচ্চু, মহানগর শিবির সভাপতি আব্দুল্লাহ আল নাহিয়ান, সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।
শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের জন্য মহানগর জামায়াতের পক্ষ থেকে আগের দিন পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করা হয়। রাতে পুলিশের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশ করার মৌখিক অনুমতি দেয়া হয়।
গতকাল দুপুর থেকে মিছিল সহকারে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জড়ো হতে থাকে বিভিন্ন স্থান থেকে আসা জামায়াত নেতা-কর্মীরা। বিকাল ৩টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল নগর প্রদক্ষিণ করে। স্থানীয়ভাবে জামায়াতের এ ধরনের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক না থাকলেও গতকাল যে ধরনের শো-ডাউন করা হয়েছে তাতে রীতিমতো হতবাক হয়েছেন নগরবাসী।
