বিএনপির আন্দোলনকে সরকার সামাল দিতে পারবে না:মওদুদ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩১
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, বিএনপির আন্দোলনকে সরকার সামাল দিতে পারবে না। জামায়াতকেই সামাল দিতে পারছে না সরকার। এ মুহূর্তে বিএনপি যদি আন্দোলন শুরু করে তাহলে তারা পালানোর সময়ও পাবে না। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে গতকাল সোমবার অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘আওয়ামী লীগের দুঃশাসনের ৪ বছর বিপন্ন গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, গত চার বছরে সরকার পদ্মা সেতু নির্মাণ করতে পারেনি। তাদের ক্ষমতায় থাকার সময় আছে আর আট মাস। সরকার জানে, এ আমলে তারা আর পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করতে পারবে না। তিনি আরো বলেন, সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই তাদের পায়ের নিচে মাটি নেই। জোর করে ক্ষমতায় থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। কিন্তু দেশের জনগণ তা মেনে নেবে না। আন্দোলনের গণজোয়ারেই তাদের পতন হবে। অপরাজেয় বাংলাদেশের সভাপতি ফরিদা মনি শহিদুল্লাহর সভাপতিত্বে জিয়া সেনার সাধারণ সম্পাদক মনজুর হোসেন ঈসার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মেজর হানিফ, রাজিয়া হালিম, জাতীয়তাবাদী মত্সজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী প্রমুখ।