রবিবার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বানসা বাজার বণিক সমিতির সভাপতি ডা. নূর মোহাম্মদ মিলনকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। বানসা বাজারের উত্তর পাশে ফাওড়া গ্রামীণফোনের টাওয়ারের নিকট এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বানসা গ্রামের মাষ্টার সিরাজুল ইসলামের ছেলে ডা. মিলন রবিবার সন্ধ্যার পর বাজারের উত্তর পাশে ব্যবসায়িক কাজে এক বাড়িতে যান। রাত আনুমানিক ৯টার সময় বাজারে ফেরার পথে ঘটনাস্থলে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। গুলি তার বুকে বিদ্ধ হয়ে পিছন দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ১টি গুলির খোসা উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে। ডা. মিলন হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি গতকাল সোমবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে। হত্যাকারীদের গ্রেফতারের জোর দাবি জানান। এরপর ডা. মিলনের লাশ নিয়ে উপজেলা বিএনপি প্রতিবাদ মিছিল করে। প্রতিবাদে আজ মঙ্গলবার বানসা বাজারে ধর্মঘট আহ্বান করেছেন ব্যবসায়ীরা। মা জাহানারা বাদি হয়ে হত্যা মামলা করেছেন।
