অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি বিভাগে দেশের তিন সৃজনশীল নারী উদ্যোক্তাকে বর্ষসেরা জাতীয় নারী উদ্যোক্তা পুরস্কার ২০১২ এবং একজনকে আজীবন সম্মাননা পুরস্কার দিয়েছে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেড় শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন। অতি ক্ষুদ্র ক্যাটাগরিতে রাজশাহীর উদ্যোক্তা নিলুফা ইয়াসমিন, ক্ষুদ্র ক্যাটাগরিতে জামালপুরের দেলুয়ারা বেগম, মাঝারি ক্যাটাগরিতে চট্টগ্রামের গুলসানা আলী এবং আজীবন সম্মাননা ক্যাটাগরিতে বিবি রাসেল এ পুরস্কার পেয়েছেন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া পুরস্কারপ্রাপ্ত প্রত্যেকের হাতে দুই লাখ টাকার চেক, সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের জীবনমানের গুণগত পরিবর্তনে টেকসই এসএমইখাতের বিকাশ জরুরি। এ লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় একশ ৭৭টি সম্ভাবনাময় ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। ইতিমধ্যে এসব এলাকার এসএমই ক্লাস্টার ম্যাপিং প্রণয়নের কাজ শেষ করে কয়েকটি ক্লাস্টারে উদ্যোক্তাদের শতকরা ৯ ভাগ সুদে জামানতবিহীন ঋণ দেয়া হয়েছে। বাকি এলাকায়ও একইহারে ঋণ ও অবকাঠামো সুবিধা দেয়া হবে।
এফবিসিসিআই’র প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও এমসিসিআই’র প্রেসিডেন্ট রোকেয়া আফজাল রহমান, ডিসিসিআই’র প্রেসিডেন্ট মো. সবুর খান, এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মুজিবুর রহমানসহ নারী উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
