আমিরাতে সড়ক দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি নিহত

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৪
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) এক সড়ক দুর্ঘটনায় ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এছাড়া আরো ২৪ জন আহত হয়েছে বলে ইউএইভিত্তিক সংবাদপত্র গালফ নিউজের অন লাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের সবাই পরিচ্ছন্নতা কর্মী। একটি ট্রাকের সঙ্গে এসব পরিচ্ছন্নতাকর্মীদের বহনকারী বাসের সংঘর্ষ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে। মরদেহগুলো আল আইন হাসপাতালে রাখা হয়েছে। এছাড়া আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। বাংলাদেশি ছাড়া ২২ নিহতের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক রয়েছে এবং বাকি ৫ জনের পরিচয় নিশ্চিত হয়নি। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, জাখির জেলায় আল আইন-আবুধাবি ট্রাক রোডের এ-ওয়ান রাওদাহ প্রাসাদের কাছে সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে সব মিলিয়ে ৪৬ জন লোক ছিলো। যাদের মধ্যে ভারতের নাগরিক বেশি ছিলো। বাস ও ট্রাক চালকের ভাগ্যে কী ঘটেছে তা এখনো জানা যায়নি। এদিকে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কাউনাইন গালফ নিউজকে বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশি কয়েকজন নাগরিকের হতাহতের কথা আমরা জানতে পেরেছি, বিস্তারিত জানার জন্য আল আইনে দূতাবাসের কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।