বইমেলায় তোমাদের জন্য নতুন বই

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ১৮:১৮
গত শুক্রবার বাংলা একাডেমী প্রাঙ্গণে শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৩। ঐ দিন বিকালে মেলা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছরের মতো এ বছরও গ্রন্থমেলায় স্থাপন করা হয়েছে শিশু কর্নারসহ শিশুতোষ বইয়ের স্টল। এসব স্টলে শোভা পাচ্ছে বহুরঙা ছোটদের বই। মেলা উপলক্ষে প্রকাশিত কিছু বইয়ের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মুজিব আমার বাংলাদেশ মতিউর রহমান মনির লেখা একখানি ছড়া-কবিতার বই। বইটিতে রয়েছে সাতাশটি ছড়া-কবিতা। এগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা। বইটির পাতায় পাতায় রয়েছে বিভিন্ন শিল্পীর আঁকা বঙ্গবন্ধুর প্রতিকৃতি। অলঙ্করণ আঁকিয়ে মহিউদ্দিন আকবর শিল্পী হাশেস খানের আঁকা ছবি নিজের নামে চালিয়ে গুরুতর অন্যায় করেছেন। সংকলিত দোলে শিশু, বাংলাদেশ, স্বাধীনতার নায়ক, একটি পরিবার, মুজিব আমার দেশের মাঝি, স্বাধীনতার ছবি ও আমরা মুজিব সেনা ছড়া-কবিতাগুলো অপূর্ব। বইটির প্রচ্ছদ এঁকেছেন শিশির কানন, ছাপা হয়েছে সাহিত্যদেশ প্রকাশনী থেকে। মূল্য আশি টাকা। ‘উপলের মামা’ শাফিকুর রাহীর লেখা একখানি শিশুতোষ উপন্যাস। বইটিতে রয়েছে মহান মুক্তিযুদ্ধের বাস্তব কাহিনী। শাফিকুর রাহী বাংলাদেশের একজন খ্যাতনামা কবি ও ছড়া লেখক। বইটিতে তিনি মুক্তিযুদ্ধের অনেক ঘটনা খণ্ড খণ্ড গল্পে বর্ণনা করেছেন। বইটির ভেতরে রয়েছে সোহাগ পারভেজের আঁকা আকর্ষণীয় অলঙ্করণ। প্রচ্ছদপটও তার। বইটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমী থেকে। মূল্য সাত টাকা। ‘দোলা দিয়ে যায় দোলা’ একখানি ছড়া-কবিতার বই। এইটি লিখেছেন আনিসা ফজলে লিমি। বইটিতে সঙ্কলিত হয়েছে অনেকগুলো ছড়া-কবিতা। এগুলোর মধ্যে ভালোলাগে, আব্বা, মায়ের জন্য ভালোবাসা, নাম তার নজরুল, আমার চাওয়া, সেই মেয়েটি ও দোলা বিশেষভাবে উল্লেখ্য। বইটির প্রচ্ছদ ও ছবি এঁকেছেন রফিকুল হক রকি। প্রকাশিত হয়েছে ঢাকা টাউন লাইব্রেরী থেকে। মূল্য একশত টাকা। ‘ভূতের ভোজ’ শামীম আহমেদের লেখা একখানি গল্পের বই। বইটিতে রয়েছে মোট এগারোটি গল্প। এ সব গল্পের মধ্যে ভূতের ভোজ, ম্যাজিক, পরীর গল্প, কেনাকাটা, চড়ুই পাখির গল্প, ঘেউ, বাবা-মায়ের গল্প, ছাই, বোঝাও ভুল বিশেষভাবে উল্লেখ্য। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। বইটি প্রকাশিত হয়েছে বাংলাবাজার, ঢাকা, বিভাস প্রকাশনী থেকে। মূল্য একশত বিশ টাকা। ‘দাদুর পিঠে নাতি’ জয়নাল আবেদীন বিল্লালের লেখা একখানি ছড়া-কবিতার বই। বইটিতে মোট চব্বিশটি ছড়া স্থান পেয়েছে। এগুলোর মধ্যে দাদুর পিঠে নাতি, হেমন্ত আজ, জেরি এন্ড টম, পালকি চড়ে শরত্রানী, ঈদের বাঁকা চাঁদ, ষোলই ডিসেম্বর, ফুলপাখি, মিষ্টি দুপুর, ইচ্ছে করে ফিরে যেতে, দেশের মাটি, দেশটি আমার, বৃষ্টি পড়ে, প্রিয় বাংলাদেশ, শীত কুমারী, মধ্য দুপুর, শীত এসেছে, চাঁদ মামা ও ছড়ার মেজাজ কড়া বিশেষভাবে উল্লেখ্য। বইটির পাতায় পাতায় রয়েছে নানা রঙের অলংকরণ। এগুলো হচ্ছে দেওয়ান আতিক রহমানের আঁকা। বইটি প্রকাশিত হয়েছে সাহিত্যদেশ থেকে। বইটির মূল্য একশত বিশ টাকা। ‘খুকুর মনে রং লেগেছে’ নাগর হান্নানের লেখা একখানি ছড়ার বই। মোট ছাব্বিশটি ছড়া বইটিতে ঠাঁই পেয়েছে। খুকুর মনে রং লেগেছে, আমি যদি চাঁদ হই, অর্পা, নজির আলী, সাদা মেঘের নাও, চড়ুই পাখি, ছাব্বিশে মার্চ, মানুষ খেকো, ন্যাড়া দাদু, বুবুর বিয়ে, হুলো বিড়াল, ফড়িং, প্রজাপতি, কাক ও শেয়াল, খুকির কাণ্ড, চাঁদ উঠেছে, একুশের ছড়া, ভূতের ছড়া, প্রিয় বাংলাদেশ ও সময় বিশেষভাবে উল্লেখ্য। বইটি ঢাকার সিদ্ধেশ্বরীর প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত। চমত্কার প্রচ্ছদপট এঁকেছেন সোহাগ পারভেজ। অলঙ্করণ ফজলুল রহমান মুকুল ও ইমতিয়ারুল হুদা উচ্ছ্বাসের। মূল্য ষাট টাকা। ‘ইষ্টি এলো ইষ্টিরে’ মানজুর মুহাম্মদের লেখা একখানি ছড়া কবিতার বই। বইটিতে রয়েছে অনেকগুলো ছড়া-কবিতা। এগুলোর মধ্যে ছড়ার দেশ, সবার সেরা, স্মৃতি, সুখপরী পাখিওলা, শরত্ আসুক, মায়ের বোল, খোকন, টুনটুনি, যাত্রাবাড়ি ও একাত্তর বিশেষভাবে উল্লেখ্য। প্রত্যেকটি ছড়া-কবিতা অলঙ্করণকৃত। এগুলো লেখকের আঁকা। প্রচ্ছদ এঁকেছেন দীপক দত্ত। প্রকাশিত হয়েছে শব্দশিল্প প্রকাশন, চট্টগ্রাম থেকে। বইটির মূল্য একশত টাকা। “স্কুল জুড়ে আতঙ্ক’ একটি কিশোর উপন্যাস। বইটি লিখেছেন সুপরিচিত লেখক ইকবাল খন্দকার। এটি প্রকাশ করেছে শুভ্র প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। আশি পৃষ্ঠার এই বইটির মূল্য রাখা হয়েছে একশত পঁয়ত্রিশ টাকা। বইটির গল্প রচিত হয়েছে মূলত একটি স্কুলকে কেন্দ্র করে। শান্ত সুন্দর এই স্কুলটিতে হঠাত্ করেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। বইটির পুরো গল্পে রয়েছে রহস্য। বইটি কিশোরদের কাছে সমাদৃত হবে আশা করি। মিলন সব্যসাচী