আন্তর্জাতিক প্রীতি ফুটবল

বিশ্বজুড়ে ফুটবল মেলা আজ!

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৪
ক্লাব ফুটবল দেখতে দেখতে ক্লান্ত? এই সময়ে জাতীয় দলের জার্সি গায়ে মেসি-নেইমারদের দেখতে ইচ্ছে করছে? সে ক্ষেত্রে আজকের দিনই শুধুই ফুটবলের জাতীয় দল ভক্তদের জন্য। সারা বিশ্ব জুড়ে আজ আবার ফিফা প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমে পড়বে বিশ্বের সেরা থেকে শুরু করে তলানির দিকে থাকা দলগুলো। বিশ্বের নানা প্রান্তে আজ ১০৮টি জাতীয় ফুটবল দল ৫৪টি ম্যাচ খেলতে নামবে। আফ্রিকান ন্যাশন্স কাপ চলছে বিধায়; সেই মহাদেশ ছাড়া বিশ্বের প্রতিটি প্রান্তেই বসবে আজ তারার মেলা। স্বাভাবিকভাবেই এই ৫৪টি ম্যাচই দৃষ্টি কাড়তে পারবে না। এর মধ্যে অন্তত গোটা ছয়েক হাই ভোল্টেজ ম্যাচের দিকে চেয়ে থাকবে ফুটবল বিশ্ব। বিশেষ করে সোলনাতে আর্জেন্টিনা সুইডেন এবং লন্ডনে ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচের দিকে চেয়ে থাকবে বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্ত। এ ছাড়াও বড় দলগুলোর মধ্যে প্যারিসে ফ্রান্স ও জার্মানি, আমস্টার্ডামে নেদারল্যান্ডস ও ইতালি, দোহায় স্পেন ও উরুগুয়ে এবং গুইমারেসে পর্তুগাল ও ইকুয়েডরের ম্যাচেও নজর থাকবে লোকেদের। তবে যে যাই বলুক; এখনও ক্ল্যাসিক ফুটবল বিশ্ব সেই আগের মতোই আর্জেন্টিনা-ব্রাজিলের জমে আছে। ফলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে ফুটবলের সুতিকাগার ইংল্যান্ডের লড়াইটা দারুণ আগ্রহের ব্যাপার হবে। এই ম্যাচটা বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কোচ লুই ফেলিপ স্কলারির জন্য দারুণ চ্যালেঞ্জের একটা ম্যাচ। সাবেক এই চেলসি কোচের নিজেকে নতুন করে প্রমাণের কিছু নেই। কিন্তু বর্তমান তরুণ ব্রাজিল দলটা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে ঈর্ষণীয় রেকর্ড ধরে রাখাটা চ্যালেঞ্জের বই কী! ইংল্যান্ডের বিপক্ষে সেই ১৯৫৬ সাল থেকে এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলে মাত্র ৩টিতে হারতে হয়েছে ব্রাজিলকে। প্রশ্ন হল, নেইমার-অস্কার-পাতোদের নিয়ে সেই রেকর্ড স্কলারি ধরে রাখতে পারবেন কি না? চ্যালেঞ্জটা আরও শক্ত করতে ২০০২ সালের বিশ্বকাপজয়ী কোচ স্কলারি দলে আবার ডেকেছেন একসময়ের বিশ্বসেরা ফুটবলার রোনালদিনহোকে। ইংল্যান্ড অবশ্য অস্বস্তিতে আছে অন্য কারণে। রয় হজসনের দলটি তারকা বিবেচনায় ব্রাজিলের চেয়ে একটু এগিয়েই থাকত; যদি না, ইনজুরির থাবা না পড়ত দলে। ইনজুরির জন্য হজসন স্কোয়াডেই পাচ্ছেন না টটেনহাম স্ট্রাইকার জার্মেইন ডেফো, ইউনাইটেড মিডফিল্ডার মাইকেল ক্যারিক ও লিভারপুলের তরুণ তারকা ড্যানিয়ে স্টারিজকে। এই ম্যাচটি খেললে ইংল্যান্ডের শততম ম্যাচ খেলা হবে চেলসির অ্যাশলি কোলের। কিন্তু ঝামেলা হল এই তারকাও আছেন ইনজুরিতে। ফলে মাঠে নামা নিশ্চিত নয় তার। এরকম বড় কোনো ঝামেলা আর্জেন্টিনার নেই। এমনিতেই বাছাইপর্বে তুখোড় ফর্মে আছে আর্জেন্টিনা। সেই আর্জেন্টিনারই প্রাণভোমরা লিওনেল মেসি যথারীতি নেতৃত্ব দেবেন সুইডেনের বিপক্ষে এই ম্যাচে। সুইডিশদের আনন্দ বাড়াতে দলে রিয়াল তারকা গঞ্জালো হিগুয়েইন, অ্যাঙ্গেল ডি মারিয়া, ম্যানচেস্টার সিটির সার্জিও আগুয়েরোরাও থাকছেন। তবে দিনশেষে এটিকে অনেকেই ইব্রাহিমোভিচ বনাম মেসির লড়াই হিসেবে দেখছেন। মেসির সাবেক বার্সা সতীর্থ ইব্রা এখন দারুণ ফর্মে আছেন প্যারিস সেন্ট জার্মেইনের হয়ে। ২৭ ম্যাচে ২২ গোল করেছেন। ফলে তার ভেতরে মেসিকে দেখিয়ে দেওয়ার একটা ব্যাপার থাকবে। আবার মেসি যে কতোটা ফর্মের তুঙ্গে আছেন, সেটা না বললেও চলে। টানা চারবার ফিফার বিশ্বসেরা মেসি প্রতি ম্যাচেই কিছু না কিছু রেকর্ড স্পর্শ করে চলেছেন। ফুটবলীয় দৃষ্টিতে আরেকটি অসাধারণ ম্যাচ হতে যাচ্ছে বাড়ির কাছের কাতারের খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে। এখানে আজ মুখোমুখি হবে দুই ঘরানার দুই ‘সুন্দর’ ফুটবলের ধারক দল স্পেন ও উরুগুয়ে। সমপ্রতি বিশ্বকাপের সেমিফাইনাল খেলা ও সর্বশেষ কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়া উরুগুয়ের অবশ্য সর্বশেষ কয়েকটি ম্যাচে ফলাফল ভালো না। তবে যথারীতি অসামান্য ফর্মে আছে টানা দুটি ইউরো ও সর্বশেষ বিশ্বকাপ জেতা স্পেন। স্পেন অবশ্য আজদের ম্যাচে জাভি ও জাবি অলোনসোর মতো দু জন খেলোয়াড়কে পাবে না ইনজুরির জন্য। উল্টো দিকে উরুগুয়েতে তাদের তারকা এডিসন কাভানি, ডিয়েগো ফোরলান, লুই সুয়ারেজ; সবাই থাকছেন। এখন অস্কার তাবারেজের সামনে চ্যালেঞ্জ ইতিহাসে প্রথমবারের মতো স্পেনকে হারানো। আজ রাতে ফ্রান্স-জার্মানি প্যারিস নেদারল্যান্ডস-ইতালি আমস্ট্রার্ডাম ইংল্যান্ড-ব্রাজিল লন্ডন সুইডেন-আর্জেন্টিনা সোলনা স্পেন-উরুগুয়ে দোহা পর্তুগাল-ইকুয়েডর গুইমারেস