নাটোরের বড়াইগ্রাম পৌর এলাকায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা ধর্মঘট, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বড়াইগ্রাম পৌর এলাকার শত শত ব্যবসায়ী দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে ফায়ার সার্ভিস স্টেশন বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ইয়াকুব আলী হীরার সভাপতিত্বে সমাবেশে বড়াইগ্রাম পৌর মেয়র ইসাহাক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক সরকার, শিক্ষাবিদ আব্দুস সাত্তার বিএসসি, বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর মোবারক হোসেন টিপু, জামায়াত নেতা আবু বকর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
