রাতের আঁধার দূর করতে নাগেশ্বরীতে নদী দ্বারা বিছিন্ন কচাকাটা থানার ৫টি ইউনিয়নের জনসাধারণের একমাত্র ভরসা সৌরবিদ্যুত্। এ শক্তি দিয়ে চলে তাদের দৈনন্দিন কাজকর্ম। প্রায় এগার বছর আগে কচাকাটা থানার ৫টি ইউনিয়নের ৫শ’ গ্রামের প্রায় ৩ লক্ষ লোককে বিদ্যুত্ সুবিধার আওতায় আনতে অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি পুঁতে তার লাগানো হলেও এখনো বিদ্যুত্ সংযোগ দেয়া হয়নি। চঞ্চল মেহমুদ, আব্দুল জব্বার, পনা সাহা, আল মামুন বলেন বাধ্য হয়ে তারা সৌরশক্তি ব্যবহার শুরু করেন। বর্তমানে এখানকার প্রায় ৮০ শতাংশ পরিবার এর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। যা দিয়ে তারা টিভি, লাইট জ্বালানো ও গরমের সময় সোলার ফ্যান ব্যবহার করে। সুবিধাভোগীরা জানায় সৌর বিদ্যুত্ ব্যবহার অনেক সুবিধাজনক। কেরোসিনের চেয়ে এতে খরচ সাশ্রয় প্রায় ৬০ শতাংশ। এ সুযোগে ব্র্যাক, গ্রামীণ শক্তি, আরএসএফ, আভা, গ্রীনহাউজসহ বিভিন্ন সৌর বিদ্যুত্ বিপণন কোম্পানি প্রাতিষ্ঠানিকভাবে একাধিক ইউনিট খুলে ব্যবসা করে আসছে। তথ্যানুযায়ী কচাকাটা থানার ৫টি ইউনিয়নে প্রাতিষ্ঠানিকভাবে ২০০৫ সাল থেকে গ্রামীণ শক্তির ৫টি ইউনিট , ব্র্যাক ২০০৪ সাল থেকে ১টি ইউনিট, আভা ২০১১ সাল থেকে ২টি ইউনিট, আরএসএফ ২০১০ সাল থেকে ৩টি ইউনিট নিয়ে কাজ করে আসছে। তার মধ্যে গ্রামীণ শক্তি ২০৬৫টি ব্র্যাক ৩৫০০টি, আরএসএফ ৭৫০টি, আভা ১০০০টি, গ্রীনহাউজসহ অন্য কোম্পানি ২০০০টি সিস্টেম বিক্রয় ও বিক্রয় উত্তর সেবা প্রদান করে আসছে। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই শতভাগ পরিবার এর আওতায় আসবে বলে জানা যায়।
