ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের কূপে ‘গ্যাস ফ্লু’

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৬
গতকাল মঙ্গলবার থেকে ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭নং কূপে গ্যাস ফ্লো (প্রবাহ) দেয়া হয়েছে। এ কূপ থেকে প্রতিদিন ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের আশা করা যাচ্ছে। এরই মাঝে গ্যাস কূপের টেস্টিং (পরীক্ষণ) সম্পন্ন হয়েছে। ২০১২ সালের ৩১ আগস্ট বাপেক্স এ কূপের ড্রিলিং কাজ শুরু করে। নভেম্বর মাসে ড্রিলিং পাইপ ২৭০০ ফুট মাটির গভীরে যাবার পর আটকে যায়। তারপর সাইড ট্রাক করে অন্তত দু’মাসের বেশি সময় পর ২৮৭২ মিটার ড্রিলিং সম্পন্ন করা হয়। কর্মকর্তারা জানান, এখানে খুব চমত্কার গ্যাস জোন পাওয়া গেছে। বাংলাদেশ গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান জানান, কূপের উত্তোলনকৃত গ্যাস জাতীয় গ্রীডে সরবরাহ হবে। বর্তমানে কূপটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। প্রতিদিন ২৫/৩০ মিলিয়ন গ্যাস গ্রীডে সরবরাহ হবে। উল্লে¬¬খ্য, দেশের গ্যাস সংকট নিরসনে বিজিএফসিএল (বাংলাদেশ গ্যাসফিল্ড) তিতাস গ্যাস ক্ষেত্রের ১৭ ও ১৮নং কূপ খননের উদ্যোগ গ্রহণ করে। ৩শ’ কোটি টাকা ব্যয়ে খননকৃত দু’টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্পাদিত হবে।