মির্জাপুরে সম্পত্তি দখলের অভিযোগ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
মির্জাপুরে ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে একটি পরিবারের কয়েক কোটি টাকার সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। শুধু জমি দখলই নয়, সন্ত্রাসী বাহিনী পরিবারটির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে জানা যায়। জানা গেছে, উপজেলার নয়াপাড়া মৌজার ৭১ শতাংশ জমির প্রকৃত মালিক নয়াপাড়া গ্রামের হোসেন আলীর পুত্র মেহার আলী ও তার স্ত্রী শাহিনা বেগম। জমির দলিল, খাজনা খারিজসহ সকল প্রকার কাগজপত্রই তাদের রয়েছে। কিন্তু একই গ্রামের নাজিম উদ্দিন, তার পুত্র শাহ আলম, জাহাঙ্গীর এবং তাদের সন্ত্রাসী বাহিনী ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে তাদের বসতবাড়ি ও জমি জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ করা হয়। জমি রক্ষা, জীবনের নিরাপত্তা এবং ন্যায়বিচার চেয়ে মেহার আলীর পুত্র দুলাল মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্যজনক কারণে সে অভিযোগ তদন্তে কোন অগ্রগতি নেই। ফলে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ব্যাপারে নাজিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারও সম্পত্তি জবর দখল করিনি। এখানে আমার জমি রয়েছে সেই জমি থেকে মাটি কেটে নিচ্ছি। যদিও উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস সূত্র জানায়, অভিযোগ আসার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ এনামুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে মাটি কাটা বন্ধ করে দিয়েছেন।