সাবেক প্রতিমন্ত্রী মিলনকে ফের দুদকে তলব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৬
চার দলীয় জোট সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ফের জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সাথে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে মিলন এবং তার স্ত্রীকে হাজির হওয়ার জন্য দুদকের পক্ষ থেকে এরই মধ্যে নোটিশ পাঠানো হয়েছে। এদিকে মিলনের দুর্নীতির চিত্র জানতে তার নির্বাচনী এলাকার রোডস অ্যান্ড হাইওয়ে এবং এলজিইডির নির্বাহী পরিচালক ছাড়াও কচুয়া থানা নির্বাহী কর্মকর্তার (টিএনও) কাছে চিঠি পাঠিয়েছে দুদক। এসব চিঠিতে মিলন ক্ষমতায় থাকাকালে কত টাকার উন্নয়ন কাজ হয়েছে, কিভাবে সেই কাজের টাকা উঠানো হয়েছে, কারা কাজ করেছেন—এ সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ জানান—মিলন ক্ষমতায় থাকাকালে (২০০১ থেকে ২০০৬ সাল) দুর্নীতির আমলনামা খুঁজতেই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামী ৭ ফেরুয়ারি তাদের হাজির হতে বলা হয়েছে। দুদক এর আগেও সম্পদের হিসাব নিতে মিলনকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে—গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে দুদকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়ে। এরপর কমিশন বিষয়টি আমলে নেয়। পরে দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজকে এই অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়।