এবছর ঢাকায় বার্সেলোনা আসতে পারবে কিনা তা খুব শিঘ্রই জানা যাবে। বিষয়টি নিয়ে দফারফা করতে গতকাল কাতার গেছেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাহউদ্দিন।
কাতারের দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ফিফা প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে স্পেন এবং উরুগুয়ে। সেই ম্যাচটি উপভোগ করার জন্য অন্য দেশের মতো বাফুফে সভাপতিকে আমন্ত্রন জানিয়েছে কাতার। কিন্তু ম্যাচ দেখাই মূল উদ্দেশ্য নয় বাফুফে সভাপতির। তার রয়েছে বেশ কিছু লক্ষ্য। যার অন্যতম লক্ষ্য হচ্ছে বার্সেলোনার ঢাকায় আসার আগ্রহের প্রস্তাব নিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের সাথে কথা বলা। কারণ সেখানে স্পেন ফুটবল কর্মকর্তারাও আসবেন।
বাংলাদেশে বার্সেলোনার সফর উপলক্ষে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় হবে। কিভাবে এটাকে কমিয়ে আনা যায় তার চেষ্টা করবেন কাতার। তাই বার্সেলোনার ব্যাপারে স্পেনের কর্মকর্তাদের সাথেও কথা বলতে চাইছেন বাফুফে সভাপতি। দেন-দরবার করে কতটা সফল হয়েছেন তা জানা যাবে বাফুফে সভাপতি আগামীকাল ঢাকায় আসলে।
২০২২ বিশ্বকাপ ফুটবলকে লক্ষ্য রেখে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চায় বাফুফে। এর জন্য মধ্যপ্রাচ্যের কোনো দেশকে বাংলাদেশের ফুটবল উন্নয়নের সঙ্গী করতে চায় বাফুফে। সালাহউদ্দিনের প্রথম পছন্দ কাতার। তাদের সাথে আলোচনা করে কাতারকে বাংলাদেশের ফুটবলের সাথে গাঁটছড়া বাঁধতে চান তিনি। স্পেন উরুগুয়ে ফিফার প্রীতি ম্যাচটি দেখতে আসবেন মধ্যপ্রাচ্যের প্রায় সবক’টি দেশ। ফুটবল নীতি-নির্ধারকরা থাকবেন এক মঞ্চে। সে সুযোগটি কাজে লাগিয়ে ঢাকায় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের জন্য দল আনতে মৌখিক আলোচনাটাও সারতে সুযোগ নিবেন বাফুফে সভাপতি। এছাড়াও আগামী এএফসির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের গুরুত্ব প্রতিষ্ঠা করাও বাংলাদেশের লক্ষ্য।
