লাদেনের বসবাসের শহরে গড়ে তোলা হবে বিনোদন পার্ক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৮
পাকিস্তানে অ্যাবোটাবাদ শহরে পর্যটন ও বিনোদন পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে খাইবান পখতুনওয়া প্রদেশের সরকার। চলতি মাস কিংবা আগামী মাসে এই পার্কের কাজ শুরু হয়ে আট বছরের মধ্যে শেষ হবে বলে সরকার জানিয়েছে। ২০১১ সালের ২ মে এই শহরের একটি বাড়িতে আল কায়েদা গোষ্ঠীর নেতা ওসামা বিন লাদেন মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন। সেই সময় থেকে এটি লাদেনের শহর হিসেবে পরিচিতি পায়। খবর টাইমস অব ইন্ডিয়ার। পার্কটি গড়ে তুলতে খরচ হবে ৩০ বিলিয়ন ডলার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর ভিত্তিতে প্রথমে ৫০ একর আয়তনে পার্কটির কাজ শুরু করা হবে। পরে এটি ৫শত একর পর্যন্ত বৃদ্ধি করা হবে। বিনোদন কেন্দ্রে থাকবে চিড়িয়াখানা, বিনোদন ক্লাব, জলপ্রপাত, মিনি গলফ ক্লাব, খেলাধুলার জন্য নির্দিষ্ট স্থান প্রভৃতি। লাদেনকে স্মরণে রাখার জন্য এটি গড়ে তোলা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে প্রদেশের পর্যটনমন্ত্রী সৈয়দ আকিল শাহ জানিয়েছেন, দেশের পর্যটন ও বিনোদন সুবিধা বাড়ানোর জন্যই এটি করা হচ্ছে। অন্য কোনো উদ্দেশ্যে নয়। তবে তার বাস করা বাড়িটির স্থান পার্কের অন্তর্ভুক্ত হবে কিনা সেই সম্পর্কে নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। লাদেন নিহত হওয়ার পর ওই বাড়িটি গুঁড়িয়ে দেয়া হয়।