পদ্মাসেতু দুর্নীতি মামলার আসামি সাবেক সচিব ও প্রকৌশলীর জামিন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১৯
পদ্মাসেতু দুর্নীতি মামলায় আসামি সাবেক সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভুঁইয়া ও প্রকৌশলী কাজী মো. ফেরদাউসের জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার জামিন আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন। আদেশে বলা হয়, ‘আসামিরা সরকারি কর্মকর্তা হওয়ায় জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার কোন সম্ভাবনা নাই। এখন পর্যন্ত মামলার তদন্ত প্রতিবেদনও দাখিল করা হয়নি। এ বিবেচনায় তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তাদের জামিন মঞ্জুর করা হলো।’ আসামিপক্ষে জামিনের শুনানি করেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী, ইকবাল পারভেজ জুয়েল ও আতাউল্লাহ ফকির মানিক। দুদকের পক্ষে বিশেষ পিপি মোশাররফ হোসেন কাজল ও মীর আবদুস সালাম এ আবেদনের ঘোর বিরোধিতা করেন। গত ১০ জানুয়ারি এ আদালতে ফৌজদারি বিধিমূলে আসামিদের পক্ষে জামিনের আবেদন দাখিল করা হলে বিচারক ১০ ফেব্রুয়ারি শুনানি দিন ধার্য করেন। কিন্তু আসামিপক্ষের আবেদনের প্রেক্ষিতে প্রথমে ৭ ও পরে গতকাল ৫ ফেব্রুয়ারি শুনানির দিন এগিয়ে আনা হয়। আসামি মোশাররফ হোসেন সেতু বিভাগের সচিব ও ফেরদাউস সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগে দরপত্র মূল্যায়নে গঠিত কমিটির সদস্য ছিলেন। গত বছর ২৬ ডিসেম্বর আসামিদের গ্রেপ্তার করা হয়।