রায়ে সন্তুষ্ট নয় আওয়ামী লীগসহ ১৪ দল

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
আওয়ামী লীগসহ ১৪ দলের নেতৃবৃন্দ যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন রায়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, জনগণের প্রত্যাশিত রায় হয়নি, জাতি হতাশ হয়েছে। জনগণ চেয়েছিল একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি। গতকাল মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন। বৈঠক শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ইত্তেফাককে জানান, জনগণের প্রত্যাশা ছিল একাত্তরের ঘাতকরা সর্বোচ্চ শাস্তি পাবে। আদালতের রায় নিয়ে আর বেশি কিছু বলতে চাই না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ সাংবাদিকদের বলেন, কাদের মোল্লার বিরুদ্ধে আনীত ছয়টি অভিযোগের পাঁচটি প্রমাণিত হয়েছে। জাতি প্রত্যাশা করেছিল রায়ে কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি হবে। কিন্তু প্রত্যাশিত রায় হয়নি। তবে আপিলের মাধ্যমে জাতি কাঙ্খিত রায় পাবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, আওয়ামী লীগ আদালতের স্বাধীনতায় বিশ্বাস করে। অ্যাটর্নি জেনারেল সিদ্ধান্ত নিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল-আলম হানিফ বলেন, জামায়াত-শিবিরের সঙ্গে আপসের প্রশ্নই উঠে না। আওয়ামী লীগ ও ১৪ দলের এমন চিন্তা নেই। রাজধানীতে জামায়াত-শিবিরকে কর্মসূচি পালনের অনুমতি দিয়ে সরকার দ্বৈত নীতিতে অবস্থান করছে কিনা জানতে চাইলে হানিফ বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী এ সমাবেশ করার অনুমতি দিয়েছে। তারা কেন অনুমতি দিয়েছে এ বিষয়টি আমরা জানতে চেয়েছি। জামায়াত-শিবিরের গৃহযুদ্ধের হুমকির জবাবে হানিফ বলেন, জামায়াতের এমন হুমকি বরদাশত করা হবে না। তারা বাংলাদেশকে নিজের দেশ মনে করতে পারেনি। তাদের গৃহ পাকিস্তানে। গৃহযুদ্ধ করলে তারা পাকিস্তানে গিয়ে করুক। আওয়ামী লীগের প্রিসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াহেদুল ইসলাম, ওয়ার্কাস পার্টির আবু হামেদ সাহাবুদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন প্রমুখ। বৈঠকে সরস্বতী পূজার কারণে আগামী ১৫ ফেব্রুয়ারি ১৪ দলের গণপদযাত্রা একদিন পেছানো হয়। এদিকে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মায়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম যুদ্ধাপরাধী কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তি না হওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেন। অপরদিকে কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা আসার পর এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান। টাইব্যুনালের সামনে সংগঠন দুটির নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেছেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের দুই শতাধিক প্রবীণ সদস্য জাতীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। আমরা মুক্তিযোদ্ধার সন্তানের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবিএম তাজুল ইসলাম।