জামায়াত নেতা আবদুল কাদের মোল্লা বলেছেন, রায়ের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচারকরা বিচারকে কলঙ্কিত করেছেন। তারা সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। গতকাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর তিনি এ কথা বলেন।
সকালে রায়ের আগে কথা বলতে চাইলে বিচারকরা তাকে বসিয়ে দেন। রায় পড়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান আবদুল কাদের মোল্লা। তিনি বলেন, এই বিচারকরা বিচারকে কলঙ্কিত করেছেন। এরা সরকারের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। একদিন কোরআনের আইন অনুযায়ী আখেরাতের ময়দানে আমি এদের বিরুদ্ধে মামলা করবো। সেদিন এদের হাত-পা কথা বলবে। তিনি বলেন, যে অভিযোগে আমাকে শাস্তি দেয়া হয়েছে তা মিথ্যা, যে অভিযোগে আমাকে খালাস দেয়া হয়েছে তাও মিথ্যা। এ রায় মানি না। এ রায় অন্যায় হয়েছে। আমার বিরুদ্ধে যে সময়ের অভিযোগ আনা হয়েছে সে সময় আমি ঢাকায় ছিলাম না। বিচারপতিরা জল্লাদের মতো আমার বিরুদ্ধে রায় দিয়েছেন। আমি পবিত্র কুরআন হাতে নিয়ে বলছি এ ঘটনার সাথে আমি যুক্ত নই। এছাড়া যারা তার বিরুদ্ধে এ মামলা করেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
