জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীতে গতকাল বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে রাজধানীর বিভিন্ন জায়গায় জামায়াত-শিবির নেতাকর্মীদের ঝটিকা মিছিল বের হওয়ায় বাসিন্দাদের মনে কিছুটা আতঙ্ক ছিলো। এই হরতালে ব্যাপকহারে ককটেল ব্যবহার করা হয়েছে। বেশকিছু যনবাহনে অগ্নিসংযোগও করা হয়। পুলিশের সঙ্গে সংঘর্ষে জামায়াতের কয়েকজন কর্মীসহ এক পুলিশ সদস্য আহত হয়। রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ জামায়াত-শিবিরের অর্ধ-শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। হরতালের আগের দিন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটায় রাজধানীবাসীর অনেকে গতকাল নিজস্ব যানবাহন তেমন একটা বের করেননি। তবে প্রধান সড়কগুলোতে অনিয়মিতভাবে গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে দেখা গেছে।
ককটেলের ছড়াছড়ি : যাত্রাবাড়ীতে শিবির কর্মীরা গতকাল হরতাল সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দফায় দফায় ককটেলের বিস্ফোরণ ঘটায়। সকালে মীরহাজিরবাগ এলাকায় শিবির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল থেকে শিবির কর্মীরা একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এরপর রায়েরবাগে মিছিল করার সময় তারা আরও কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে তারা একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়। বেলা ১১টার পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেটের কাছে মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময়ও তারা কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পাশাপাশি একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় তারা। দুপুরে শনিরআখড়ায় শিবির মিছিল করার সময় ২০/২৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
সকালে তেজগাঁও শিল্প এলাকায় শিবির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিলকারীরা একটি সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয়। সকালে মহাখালী ব্র্যাক সেন্টারের সামনে পুলিশের ব্যবহার করা গাজীপুর পরিবহনের একটি বাসে শিবির কর্মীরা হামলা চালায়। এ সময় শিবির কর্মীদের ছোঁড়া ইটের আঘাতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের কনস্টেবল শাহীন গুরুতর আহত হয়।
রামপুরা কাঁচাবাজার এলাকায় সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধার মুখে শিবির কর্মীরা প্রধান সড়কের বিভিন্ন গলিপথ দিয়ে পালিয়ে যায়। সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডির সাত মসজিদ রোডের ১৫ নম্বর সড়কের সংযোগ এলাকায় জামায়াত ইসলামী একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় জামায়াত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ১০/১২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ মিছিল থেকে ৫ জামায়াত কর্মীকে গ্রেফতার করে। সকাল সাড়ে সাতটার দিকে শাজাহানপুরে শিল্পী হোটেলের সামনে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এসময় মিছিলকারীরা একটি গাড়ি ভাংচুর করে। মিছিলকারীরা এসময় ককটেল বিস্ফোরণ ঘটালে সিটিএসবি’র এক কনস্টেবল আহত হন। ককটেল ছুঁড়ে মারার সময় মুহিবুল্লাহ নামে এক শিবির কর্মীকে হাতেনাতে আটক করা হয়। তবে হোটেলের সামনের পথচারীরা মুহিবুল্লাহকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। সকাল সাতটার দিকে আগারগাঁও তালতলা বাসস্ট্যান্ডের কাছে জামায়াত-শিবিরের একটি মিছিল বের হয়। এসময় তারা দফায় দফায় ককটেলের বিস্ফোরণ ঘটায়। আগারগাঁও ক্রসিং থেকে পুলিশের একটি দল গিয়ে মিছিলকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। এতে দুই কর্মী রাবার বুলেটবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে ৭ জন জামায়াত কর্মীকে গ্রেফতার হয়। সকাল সাড়ে ৭টার দিকে শ্যামলী শিশুপল্লীর সামনে শিবির কর্মীরা বিআরটিসির একটি দোতালা বাস ভাংচুর করে। শিবির কর্মীরা এসময় কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ উপস্থিত হলে শিবির কর্মীরা পালিয়ে যায়। দুপুরে বিজয়নগর পানির ট্যাংকির সামনে হরতালকারিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে বাণিজ্যিক এলাকা মতিঝিলসহ আশ-পাশের এলাকা ছিল শান্তিপূর্ণ। যানবাহন ছিল কম। সকাল সাড়ে সাতটার দিকে শাহজাহানপুরের আমতলায় শিল্পী হোটেলের সামনে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিল থেকে ককটেল বস্ফািরণ করে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে ধরে ফেলে পুলিশ।
এদিকে, জামায়াতের হরতালে মিরপুরের বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল, বাস ভাংচুর, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ১০ জনকে আটক করে। সকালে মিছিল এবং ধাওয়া পাল্টা ধাওয়া হয় মিরপুরের শ্যাওড়াপাড়া এলাকায়। এ সময় পুলিশ ৬ জন পিকেটারকে আটক করে। সকাল ৭টার দিকে মিরপুর ১৩ নম্বর বাজারে তিন দফা ঝটিকা মিছিল বের করে জামায়াত- শিবির। পুলিশ না থাকলেও কোনো মিছিলের স্থায়িত্বকাল দুই মিনিটের বেশি ছিলো না। শ্যামলী বাসস্ট্যান্ডে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় পিকেটাররা একটি বিআরটিসি বাস ভাংচুর করে। এদিকে স্থানীয় এমপি কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে হরতালের প্রতিবাদ জানিয়ে সকাল সোয়া ৯টার দিকে মিছিল করে মিরপুর থানা আওয়ামী লীগ। মিছিলটি ১০ নম্বর গোল চত্বর থেকে শুরু হয়ে কাজীপাড়া হয়ে আবার মিরপুর ১০-এ গিয়ে শেষ হয়।
অপরদিকে, রাজধানী ঢাকার মতো সারাদেশেও ককটেল বিস্ফোরণসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে জামায়াতের হরতাল পালিত হয়েছে গতকাল। গ্রেফতার হয়েছে জামায়াত শিবিরের দুই শতাধিক কর্মী। ইত্তেফাক সংবাদদাতাদের পাঠানো খবর :
রাজশাহী অফিস ঃ গতকাল মঙ্গলবার হরতালের শুরুতে সকাল ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি) সংলগ্ন বিনোদপুরে পুলিশের সঙ্গে ছাত্রশিবিরের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। হরতালের সমর্থনে পিকেটিং ও বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এসময় ছাত্রশিবির নেতাকর্মীরা পুলিশের উপর বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ ছাত্রশিবিরের ২৫ নেতাকর্মীকে আটক করেছে।
সিলেট অফিস ঃ মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় শতাধিক শর্টগানের গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরকে পিছু হটিয়ে দেয় পুলিশ। দু‘জন পুলিশ সদস্য আহত হন। জামায়াত-শিবিরের অন্তত ১৫ জন আহত হয়। ৫ জনকে আটক করেছে পুলিশ। জামায়াত-শিবির কর্মীরা বিভিন্ন স্থানে প্রায় ৫০টির মত হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
ফেনী প্রতিনিধি ঃ ফেনীতে হরতাল চলাকালে জামায়াত-শিবিরের পিকেটাররা শতাধিক গাড়ি ভাংচুর ও মিছিল সমাবেশ করেছে। মঙ্গলবার দুপুর থেকে ফেনী ফালাইয়া মাদ্রাসার সামনে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও এসএসকে সড়কে ৫০টির বেশি গাড়ি ভাংচুর করেছে। পুলিশ ৭ জনকে আটক করেছে।
লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা ঃ জামায়াত-শিবির কর্তৃক আহূত গতকাল সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে চট্টগ্রামের লোহাগাড়ায়। হরতাল চলাকালে সকালে উপজেলার চুনতির বনপুকুর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কে হরতাল সমর্থকরা পিকেটিং করতে গেলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। পুলিশ নুরুল আমিন, আবদুল্লাহ ও তৌহিদুল ইসলামকে গ্রেফতার করে।
কক্সবাজার প্রতিনিধি ঃ কক্সবাজারে আওয়ামী লীগ ‘আনন্দ ও অসন্তুষ্টি’ প্রকাশের জন্য এবং জামায়াতে ইসলামি রায় প্রত্যাখ্যান করে মিছিল ও সমাবেশ করেছে। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ডের রায় প্রকাশের পর পরই উভয় দল মিছিল ও সমাবেশ করে।
কুমিল্লা প্রতিনিধি ঃ কুমিল্লায় হরতাল চলাকালে জামায়াত-শিবির-ছাত্রলীগ নগরীতে পক্ষে-বিপক্ষে মিছিল করেছে। এসময় ছাত্রলীগের একটি গ্রুপের কর্মীরা নগরীতে জামায়াত নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানসহ বেসরকারি একটি ব্যাংক ও অপর একটি ব্যাংকের এটিএম বুথ ভাংচুর করে। শিবিরকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫-২০টি গাড়ি ভাংচুরসহ একটি ট্রাক আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জেলার বুড়িচং ও চৌদ্দগ্রামে ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এসময় এক পুলিশসহ ১০জন আহত হয়েছে।
রাজশাহী অফিস ঃ জামায়াতে ইসলামী অন্যতম শীর্ষ নেতা আব্দুল কাদের মোল্লার মামলার রায় ঘোষণায় গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ এবং ছাত্রশিবির পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রা.বি) সংলগ্ন নগরীর কাজলা ও বিনোদপুর এলাকায় ছাত্রশিবিরের ৩৫/৪০ নেতাকর্মী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের বিরোধিতা করে বিক্ষোভ মিছিল করে। এসময় শিবির নেতাকর্মীরা যাত্রীসহ একটি অটোরিকশা উল্টে ফেলে ভাংচুর করে। পরে আরেকটি মাইক্রোবাসে ভাংচুর চালায়। এলাকা থেকে ২৫ শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। নগরীর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
নোয়াখালী প্রতিনিধি ঃ জামায়াতের হরতাল চলাকালে জামায়াত-শিবির কর্মীরা টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করে। দুপুরে জেলা শহর মাইজদীতে ছাত্রলীগের কর্মীরা ইসলামী ব্যাংকে ও জামায়াত-শিবির কর্মীরা মার্কেন্টাইল ব্যাংকে ইট-পাটকেল নিক্ষেপ করে কাঁচের জানালা ভাংচুর করে। বিভিন্ন থানা এলাকা থেকে পুুলিশ সোমবার রাতে জামায়াত-শিবিরের ১৮ নেতা কর্মীকে গ্রেফতার করে।
খুলনা অফিস ঃ জামায়াতের ডাকা প্রথম দিনের হরতাল নিরুত্তাপভাবে পালিত হয়েছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে রিকশা, বেবি ট্যাক্সি, ইজিবাইক চলাচল শুরু হয়। তবে স্কুল-কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান এবং দোকানপাট বন্ধ ছিল। রেল ও লঞ্চ চলাচল করেছে। অফিস-আদালতের সদর দরজা বন্ধ থাকলেও দাপ্তরিক কাজকর্ম চলেছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ট্রাইব্যুনাল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ড দেয়ায় গতকাল মঙ্গরবার দুপুরে খুলনা মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন নগরীতে আনন্দ মিছিল বের করে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর ও ফুলবাড়ি সংবাদদাতা ঃ দিনাজপুরের ফুলবাড়ির পার্শ্ববর্তী নবাবগঞ্জে গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে জামায়াত-শিবিরের মিছিলে বাধা দেয়ায় পুলিশের ওপর ককটেল চার্জসহ ইটপাটকেল নিক্ষেপ করে কর্মীরা। এতে থানার ওসিসহ চার পুলিশ সদস্য এবং একজন আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড শর্ট গানের গুলি ছোঁড়ে এবং ২৫ জন জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
বরিশাল অফিস ঃ হরতালে সকাল থেকেই নগরীর রূপাতলী, কাশিপুর ও রহমতপুর, সিএন্ডবি রোড লাকুটিয়া, বন্দ রোডসহ ৩১টি স্পটে অবস্থান নিয়ে টায়ারে আগুন দিয়ে ব্যাপক তাণ্ডব চালায় পিকেটাররা। পুলিশ সানাউল্লাহ ও হালিম নামের ২ শিবির কর্মীকে গ্রেফতার করেছে। এর আগে রাতে গ্রেফতার করা হয় আরো ৫ জনকে।
রংপুর প্রতিনিধি ঃ মঙ্গলবার রংপুরে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনাসহ শহরতলীর বাইরে বেশকয়েকটি যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলেও কড়া পুলিশি ব্যবস্থায় তারা রাজপথে নামতে পারেনি।
ময়মনসিংহ প্রতিনিধি ঃ ময়মনসিংহে ঢিলেঢালা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে জামায়াত-শিবিরের কোন তত্পরতা ছিল না। পুলিশ নাশকতার অভিযোগে জামায়াত ও শিবিরের ২৫ নেতা-কর্মী আটক করেছে।
মিরসরাই সংবাদদাতা ঃ বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে সারাদেশের মত চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। বিভিন্ন জায়গায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াত ও ছাত্র শিবিরের নেতা-কর্মীরা। এছাড়া বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে পিকেটিং করে হরতালকারীরা। শিবির কর্মী সন্দেহে পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ায় জামায়াতের ডাকা হরতাল চলাকালে পুলিশের ওপরে ককটেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। হরতাল চলাকালে পুলিশ জামায়াত-শিবিরের মোট ১০ কর্মীকে গ্রেফতার করেছে ।
বাগেরহাট প্রতিনিধি ঃ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করায় মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। এদিকে হরতাল চলাকালে ভোরে পিকেটিং করার সময় জামায়াত-শিবিরের কর্মীরা বাগেরহাটের বিভিন্ন এলাকায় তিনটি যাত্রীবাহী বাস ভাংচুর করেছে বলে পুলিশ জানায়।
সাতক্ষীরা প্রতিনিধি ঃ পুলিশের কড়া নিরাপত্তা আর ব্যাপক সংঘর্ষের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। সকালে শহরের অদূরে বাঁকাল এলাকায় জামায়াত-শিবির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। পুলিশ এতে বাধা দিতে গেলে জামায়াত-শিবির নেতা-কর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে সাতক্ষীরা সদর থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান, কনস্টেবল বদরউদ্দিন ও আমিনুর রহমানসহ ৪ পুলিশ সদস্য ও ৬ জামায়াত-শিবির কর্মীসহ মোট ১০ জন আহত হয়েছে। জামায়াত-শিবির নেতা-কর্মীরা এ সময় একটি পুলিশ ভ্যান ও পরে আরও একটি মালবাহী পিকআপে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের কাছ থেকে একটি গ্যাস গান কেড়ে নিয়ে তা ভেঙ্গে দেয় ।
লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বাসটার্মিনাল, আলীয়া মাদ্রাসা, মিয়ার রাস্তার মাথাসহ জেলার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ, গাছের গুঁড়ি, ককটেল বিস্ফোরণ ও পিকেটিং এর মধ্যে দিয়ে জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। বিভিন্ন স্থান থেকে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁদপুর প্রতিনিধি ঃ চাঁদপুরে গাড়ি ভাঙচুর, রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও আটকের মধ্য দিয়ে জামায়াতের ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। মঙ্গলবার ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে চাঁদপুর মডেল থানায় ৭ জন, ফরিদগঞ্জে ৩ জন, কচুয়ায় ১ জন, মতলব দক্ষিণে ৪ জন, হাইমচরে ১ জন, শাহরাস্তিতে ২ জনকে আটক করা হয়।
গাজীপুর প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, পিকেটিং, গাড়ি ভাংচুর ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জামায়াত শিবিরের ১০ জনকে আটক করেছে।
