প্রতিক্রিয়া নেই বিএনপির

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৩
মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় নিয়ে কোনো প্রতিক্রিয়া থেকে বিরত রয়েছে বিএনপি। দলের নেতারা সকলেই এই বিষয়ে সতর্ক । তারা বলছেন, এই সম্পর্কে কোনো কিছু বলার থাকলে দলের পক্ষ থেকে পরে জানানো হবে। আজকের (বুধবার) হরতালেও বিএনপি সমর্থন দেয়নি। এর আগে বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম জানিয়েছেন, যুদ্ধাপরাধের বিচারের পক্ষে আছে বিএনপি। তবে বর্তমান ট্রাইব্যুনালের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নেই । ট্রাইব্যুনাল বাতিল, যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের সঙ্গে বিএনপির কোনো আদর্শিক মিল নেই। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। সে বিচার নিরপেক্ষ, স্বচ্ছ হতে হবে, আন্তর্জাতিক মানের হতে হবে। সে বিচার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের বিচার হবে না। রায় ঘোষণার পর যোগাযোগ করা হলে তরিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, এই মুহূর্তে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। পরে দলীয়ভাবে প্রতিক্রিয়া জানানো হবে। যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানান, এই রায় নিয়ে বিএনপির কোনো বক্তব্য নেই।