ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই মনে করে তাত্ক্ষণিক হরতাল ঘোষণা অপরাধের শামিল। জনগণ কোনভাবেই এটি মেনে নিতে পারে না। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই’র পক্ষ থেকে এ কথা বলা হয়। গতকালের (মঙ্গলবার) হরতালও প্রত্যাহারের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, হরতালের নামে দেশে অরাজকতা সৃষ্টি ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি দেশের ব্যবসায়ী সমাজ কোনভাবেই সমর্থন করতে পারে না। ঐকান্তিক প্রচেষ্টায় দেশের অর্থনীতি শক্তিশালী পরিকাঠামোর উপর দাঁড়াতে যাচ্ছে। এছাড়া বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি বিশেষ করে পোশাকখাতের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি নতুন বাজার সৃষ্টি, নতুন বিনিয়োগ আকর্ষণ ও জিএসপি সংক্রান্ত প্রতিকূলতা কাটাতে প্রচেষ্টা চলছে। এই অবস্থায় এই ধরনের অনাকাঙ্খিত রাজনৈতিক কর্মসূচি দেশের ব্যবসা-বাণিজ্যকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। দেশি-বিদেশি উভয় বিনিয়োগেই নেতিবাচক প্রভাব ফেলছে। ভবিষ্যতে এ ধরনের আত্মঘাতী কর্মসূচি থেকে বিরত থাকার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে এফবিসিসিআই।
