যুদ্ধাপরাধীদের রক্ষায় জামায়াতের ডাকা হরতালে রাজপথে সক্রিয় ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নগরীর শতাধিক স্থানে হরতালবিরোধী মানববন্ধন, মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে দলটি। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে সকাল ৯টায় হরতালবিরোধী মানববন্ধন শুরু হয়। এতে অংশ নেয় নাগরিক সংহতি পরিষদ, বাংলাদেশ জাতীয় হকার্স লীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ, যুব মহিলা লীগ, বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা লীগ, শ্রমিক লীগ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা লীগ, ঢাকা সড়ক পরিবহন লীগ, ওলামা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, জাতীয় শ্রমিক লীগ প্রভৃতি সমমনা সংগঠন। মানববন্ধন শেষে বেলা সোয়া দশটার দিকে বিক্ষোভ মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হরতাল বিরোধী মানববন্ধন ও সমাবেশে অংশ নেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের আহবায়ক আব্দুল হক সবুজসহ অংশগ্রহণকারী সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
গুলিস্তান, কারওয়ানবাজার, গাবতলী, মহাখালী, কলেজ গেইট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিল করে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন সংগঠন। বাংলাদেশ শ্রমিক লীগের নেতাকর্মীরা সকাল ১০টার দিকে গুলিস্তান এলাকায় হরতালবিরোধী মিছিল করে। স্থানীয় এমপি কামাল আহমেদ মজুমদারের নেতৃত্বে হরতালবিরোধী মিছিল মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালবিরোধী ট্রাকে শোভাযাত্রা করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা পৌনে ১১টার দিকে স্থানীয় আওয়ামী লীগের প্রায় তিন-চারশ’ নেতাকর্মী মালিবাগে হরতালবিরোধী মিছিল বের করে।
